সিরিজে ফিরল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলরাউন্ডার পারফরম্যান্সে ম্যাচসেরা পেরেরা।  ছবি: এএফপি
অলরাউন্ডার পারফরম্যান্সে ম্যাচসেরা পেরেরা। ছবি: এএফপি

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৫ রান করেও হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। আজও একই গতিতে রান তুলে ৯ উইকেটে ৩১০ তুলল লঙ্কানরা। তবে না, আজ আর লক্ষ্য টপকাতে পারল না পাকিস্তান। মিসবাহ-উল-হকের দলকে ৭৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।

৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সারজিল খান ফিরে গেলেও পাকিস্তানকে স্বপ্ন দেখাল মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদের দ্বিতীয় উইকেট জুটিতে তোলা ৯৬ রান। দুজনেই পেলেন ফিফটি। সেকুগে প্রসন্নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে হাফিজ ফিরে যান ৬২ রান করে। নতুন ব্যাটসম্যান উমর আকমাল দিলশানের বলে মাত্র ১ রান করে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১ উইকেটে ১১৪ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ১১৫। এরপর শেহজাদ-মিসবাহর চতুর্থ উইকেট জুটিতে ৩২ ও মিসবাহ-ফাওয়াদ আলমের পঞ্চম উইকেট জুটিতে ৪৫ পাকিস্তানকে কিছুটা আশা দেখালেও তা বেশি দূর এগোয়নি। ৪ উইকেটে ১৯২ থেকে ২৩৩ রানেই অলআউট। অর্থাত্ ৪১ রানেই পড়েছে পাকিস্তানের শেষ ৬ উইকেট। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন থিসারা পেরেরা। অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে তিনিই ম্যাচসেরা। 

এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথুসের ৯৩, মাহেলা জয়াবর্ধনের ৬৭ ও পেরেরার ৬৫ রানের (৩৬ বলে) সুবাধে চ্যালেঞ্জিং স্কোর পায় শ্রীলঙ্কা। ম্যাথুস-জয়াবর্ধনের চতুর্থ উইকেট জুটিতে এল ১২২। পরে ম্যাথুস-পেরেরার সপ্তম উইকেট জুটিতে তোলা ৮৭ রান বড় সংগ্রহ দেয় লঙ্কানদের। পাকিস্তানের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পান ওহাব রিয়াজ। টেন ক্রিকেট ও ক্রিকইনফো।