সকালে হোটেলে লম্বা একটা মিটিং হলো। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কোচ ও সিনিয়র খেলোয়াড়দের আলোচনা। আগের ম্যাচে কোথায় কী ভুল হয়েছে, পরের ম্যাচে কী করতে হবে। বিকেলে হলো টিম মিটিং।
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। তার আগের দিনে কাজ বলতে ছিল ওই দুটি মিটিংই। এর বাইরে দিনটা ছুটির মেজাজে কাটিয়েছেন সবাই। দুপুরের পর অনেকে বাসা থেকে ঘুরে এসেছেন।
আফগানিস্তান সিরিজ থেকেই খেলা আর অনুশীলনের মধ্যে ক্রিকেটাররা। আজ রাতে দ্বিতীয় ওয়ানডে শেষ করে কাল বিকেলে ধরতে হবে চট্টগ্রামের ফ্লাইট। তার আগে সবাইকে নির্ভার রাখতেই এক দিনের বিশ্রাম।
খেলার আগের দিন নিবিড় অনুশীলন এখন আর হয় না। ক্রিকেট চলে পেশাদারি মনোভাবে এবং সেই মনোভাব বলে, ভালো পারফরম্যান্সের অন্যতম শর্ত নির্ভার হয়ে খেলা। ম্যাচের আগের দিনের অনুশীলন তাই হয় হালকা, কখনো তো ছুটিই দিয়ে দেওয়া হয় খেলোয়াড়দের। কাল বাংলাদেশ, ইংল্যান্ড দুই দলই নিল সেই পথ।
পরশু প্রথম ওয়ানডেটা জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। হাত ফসকে যাওয়া জয়ের জন্য আফসোস যেমন আছে, তেমনি ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ৩০৯ রান তাড়া করে জয়ের সুবাস ছড়াতে পারাটাকেও ধরা হচ্ছে সাফল্য। ইমরুল কায়েসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের মারকাটারি ব্যাটিং আরেকটি লড়াইয়ের আগে দলে বইয়ে দিচ্ছে আত্মবিশ্বাসের স্বাস্থ্যকর হাওয়া।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইঙ্গিতও সেদিকেই, ‘ইংল্যান্ড খুব ভালো ফর্ম নিয়ে আমাদের এখানে এসেছে। ১১ জনের মধ্যে ওদের ১০ জনই ব্যাট করতে পারে। আমরা আগে থেকেই জানতাম ইংল্যান্ডকে হারাতে বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সে রকম চ্যালেঞ্জ তারা প্রথম ম্যাচেই জানিয়েছে এবং আমরাও তার ভালো জবাব দিতে পেরেছি।’ মাশরাফির দৃষ্টিতে বাংলাদেশ ম্যাচটা হেরেছে অল্প কিছু সময়ের বাজে বোলিং-ফিল্ডিংয়ের কারণে। তাঁর দৃঢ় বিশ্বাস, প্রথম ওয়ানডেতে সাকিব আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দল যে ব্যাটিং করেছে, সেটা করে যেতে পারলে ৩৩০ রান তাড়া করেও জেতা সম্ভব। তবে এর জন্য আরেকটা শর্তও দিয়ে রেখেছেন অধিনায়ক—উইকেট হতে হবে প্রথম ম্যাচের মতোই ব্যাটিংবান্ধব।
শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে অন্তত তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। দ্বিতীয় ম্যাচের একাদশ করার ক্ষেত্রে তাই দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এক. ব্যাটিং শক্তি বাড়ানো। দুই. ইংলিশ ব্যাটিং লাইনআপে ফাটল ধরাতে বোলিং লাইনআপে বৈচিত্র্য আনা। দুটি শর্ত নাসির হোসেন একাই পূরণ করে দিচ্ছেন বলে আজ বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনের জায়গায় তাঁর খেলা অনেকটাই নিশ্চিত। লোয়ার মিডল অর্ডারে নাসিরের ব্যাটিং ভরসা জোগায়। ইংল্যান্ড দলে বাঁহাতি ব্যাটসম্যান বেশি বলে বোলিংয়েও তাঁর অফ স্পিন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। আজ একাদশে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এ ম্যাচের জন্য কাল যে ১২ জনের দল ঠিক হয়েছে, আগের ম্যাচের মতো এবারও তার বাইরে রাখা হয়েছে আল আমিন ও সৌম্য সরকারকে।
ইমরুল কায়েসের অমন ব্যাটিংয়ের পর সৌম্যর দলে ফেরার কথাও নয়। সাড়ে ছয় বছর বিরতি দিয়ে পরশু ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে বাঁহাতি ওপেনার ইমরুল যে উদ্যাপনটা করলেন, তাতে মিশে ছিল জবাব দিতে পারার তৃপ্তি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো ব্যাটিং করার পরও শেষ দুই ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। সেঞ্চুরির আনন্দে শূন্যে ছোড়া ঘুষিটা হয়তো সে সিদ্ধান্তের প্রতিবাদেই।
কাল মুঠোফোনে এ নিয়ে প্রশ্ন করে অবশ্য ইমরুলের দীর্ঘশ্বাসেরই শব্দ শোনা গেল। সেঞ্চুরি–সংক্রান্ত আলোচনায় তাঁর একটাই বক্তব্য, ‘অনেক দিন পর সেঞ্চুরি করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এটা পরের ম্যাচগুলোতেও ভালো খেলতে প্রেরণা জোগাবে।’
বাংলাদেশ দলের জন্য একটা প্রেরণার নাম হতে পারেন ইমরুল নিজেও। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তিনি সেটা দেখিয়েছেন। আজ সিরিজে ফেরার ম্যাচে একই কাজ করে দেখানোর প্রতিজ্ঞা বাংলাদেশ দলেরও। ‘আমাদের চেষ্টা করতে হবে ইংল্যান্ডকে যতটা কম রানে আটকে রাখা যায় এবং ওদের বোলারদের যতটা সম্ভব বেশি শাসন করা যায়। পরিস্থিতি অনুযায়ী বোলিং–ব্যাটিং দুটোতেই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখাতে হবে’—প্রতিজ্ঞাটা অধিনায়ক মাশরাফির মুখ থেকেই শোনা।