সিরিজে সমতা আনল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণভাবে সিরিজে ফিরল বাংলাদেশের যুবারা। ফাইল ছবি
দারুণভাবে সিরিজে ফিরল বাংলাদেশের যুবারা। ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরের শুরুটা বাজে হয়েছিল অনূর্ধ্ব ১৯ দলের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হার। তবে এরপরই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে সিরিজে এসেছে ২-২ সমতা।
টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের শুরুটা ভালো এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও জয়রাজ শেখ। ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। বাংলাদেশের যুবারা চ্যালেঞ্জিং স্কোর পায় মূলত জাকির হাসান-শাহানুর রহমানের পঞ্চম উইকেটে তোলা ৬৬ রানের কল্যাণে। জাকিরের ব্যাট থেকে আসে ৫০ ও শাহনুরের সংগ্রহ ৪২ রান। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৫০ রান। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের যুবাদের সংগ্রহ ৯ উইকেটে ২৩৬ রান। শ্রীলঙ্কার পক্ষে বাঁ-হাতি পেসার দুবিন্দু তিলকরত্নে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।
জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকেরা। ৩০ রানে নেই ৪ উইকেট! শ্রীলঙ্কার প্রাথমিক বিপর্যয় সামাল দেয় পঞ্চম উইকেটে ফার্নান্দো-অমরসিংহের ৪৭ রান। এরপর অমরসিংহ-বিশাদ রন্দিকা ডি সিলভার ষষ্ঠ উইকেট ৫৪ রান কেবলই ব্যবধান কমাতে সাহায্য করে স্বাগতিকদের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের ইনিংস থামে ১৭৬ রানে। সর্বোচ্চ ৫০ রান আসে রন্দিকার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান ও আবুল হালিম।
সিরিজের শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি, এসএসসিতে।