সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরনে মরকেল আর ডেল স্টেইনরা কাজটা এগিয়ে রেখেছিলেন। পার্থের পিচে দক্ষিণ আফ্রিকান দুই পেসারের তোপের মুখে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৫৪ রানে। বাকি দায়িত্বটা ছিল প্রোটিয়া ব্যাটসম্যানদের। সেটা নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর ৪১ বলে ৪৮ রানের ঝলমলে ইনিংসে ২২.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌছে গেল কাল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটের জয়ে সমতা (১-১) আনল ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। ২১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারটাও পেলেন মরকেল।
তাড়া করার পথটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না দক্ষিণ আফ্রিকার জন্যও। নিউ সাউথ ওয়েলসের পেসার জস হ্যাজলউডের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ডি ভিলিয়ার্সের দল। দুবার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হ্যাজলউড। শেষ পর্যন্ত ৩১ রানে ৫ উইকেট তাঁর।
এর আগে মরকেল-স্টেইনদের আগুনে গোলার সামনে একমাত্র প্রতিরোধ ছিল মিচেল মার্শের। ৩৪ রানে ৪ উইকেট হারানোর পর মার্শ পঞ্চম এবং ষষ্ঠ উইকেটে বেইলি ও ওয়েডের সঙ্গে গড়েছেন ৫৮ ও ৩৩ রানের জুটি। শেষ ব্যাটসম্যান হিসেবে মার্শ আউট হন ৬৭ রানে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৪১.৪ ওভারে ১৫৪ (মার্শ ৬৭, বেইলি ২৫; মরকেল ৫/২১, স্টেইন ৩/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ২৭.৪ ওভারে ১৫৭/৭ (ভিলিয়ার্স ৪৮, রুশো ৩০ মিলার* ২২; হ্যাজলউড ৫/৩১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী।