সিরিজের অপমৃত্যুর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ধর্মশালায় ম্যাচ শুরুর আগে উইন্ডিজ ক্রিকেটাররা। তাঁদের মাথার ওপরের কালো মেঘ যেন আক্ষরিক অর্থেই ভর করেছে ক্যারিবীয় ক্রিকেটের ভাগ্যাকাশে l ক্রিকইনফো
পরশু ধর্মশালায় ম্যাচ শুরুর আগে উইন্ডিজ ক্রিকেটাররা। তাঁদের মাথার ওপরের কালো মেঘ যেন আক্ষরিক অর্থেই ভর করেছে ক্যারিবীয় ক্রিকেটের ভাগ্যাকাশে l ক্রিকইনফো

আর্থিক দাবি-দাওয়া নিয়ে ক্রিকেট বোর্ড ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের অন্তর্দ্বন্দ্বে শেষ পর্যন্ত মাঝপথেই শেষ হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) যদিও দাবি করছে, ক্রিকেটাররা খেলতে রাজি না হওয়ায় সফর বাতিল করা ছাড়া কোনো উপায় ছিল না তাদের, কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসিকে নালিশ জানানো ছাড়াও ডব্লুআইসিবির কাছে ক্ষতিপূরণ চাওয়া হতে পারে, এমনকি পাল্টা ব্যবস্থা হিসেবে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিলেরও হুমকি দিয়েছে বিসিসিআই।
বেতন-ভাতা নিয়ে ডব্লুআইসিবি ও ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের সংগঠন ডব্লুআইপিএর মধ্যে দ্বন্দ্বের কারণে পরশু ধর্মশালায় চতুর্থ ওয়ানডেটাও নাকি খেলতে চাননি ডোয়াইন ব্রাভোরা। বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল জানিয়েছেন, শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে মাঠে নামাতে অনেক বোঝাতে হয়েছে। ম্যাচটা না হলে শহরে প্রবল অশান্তি শুরু হতে পারে—এটা বোঝার পরই খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্রাভোরা তখনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্মশালার ম্যাচটাই সফরে তাদের শেষ ম্যাচ। গতকালই নিজের খরচে দেশে ফিরে যাওয়ার কথা ছিল তাদের।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু পুরো দায়টাই চাপিয়েছে ভারত সফররত ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের ওপর। পূর্বনির্ধারিত সিরিজের শেষ ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট আর হচ্ছে না নিশ্চিত হয়ে যাওয়ার পরই ডব্লুআইসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডোয়াইন ব্রাভোর নেতৃত্বে ভারত সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়েরা দলের ম্যানেজমেন্টের মাধ্যমে বোর্ডকে জানিয়েছেন, সফরের বাকি ম্যাচগুলোয় তাঁরা আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।’ সিরিজ বাতিলের কথা জানিয়ে বিকল্প হিসেবে ডব্লুআইসিবি নাকি দ্বিতীয় সারির একটা দল ভারতে পাঠানোর প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সেটাতে রাজি হয়নি ভারত। ওদিকে পরশু বিসিসিআই তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত ঘটনাপ্রবাহ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম ওয়ানডের আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বয়কটের হুমকি দিয়ে আসছিল। তখন থেকেই ডব্লুআইসিবির পক্ষ থেকে বারবার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিসিসিআইকে। শেষ পর্যন্ত এই অন্তর্দ্বন্দ্বের মীমাংসা করতে না পারায় বিসিসিআই তাই ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকেই বেশি দায়ী করছে। মুম্বাইয়ের দৈনিক মিড-ডেকে সঞ্জয় প্যাটেল বলেছেন, ‘আমাদের সমস্যাটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে, ওদের খেলোয়াড়দের সঙ্গে নয়।’ বিষয়টি আইসিসি পর্যন্ত নিয়ে যাওয়া হবে জানিয়ে প্যাটেল বলেছেন, ‘আমরা ক্ষতিপূরণ দাবি করব।’ এ ছাড়া ডব্লুআইসিবির বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার হায়দরাবাদে বিসিসিআইয়ের জরুরি সভাও ডাকা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে তিন টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে ভারতের। সেই সিরিজের বাতিলের কথা ভাবা হচ্ছে কি না, এমন প্রশ্নে প্যাটেলের জবাব, ‘সবকিছুই বিবেচনা করা হবে।’ এএফপি, ক্রিকইনফো, মিড-ডে।