সিরিজের জন্য প্রস্তুত তামিম

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের জন্য একটা বার্তাই দিয়ে দিল সফরকারীরা। আর বাংলাদেশে দুই দলের একমাত্র ওয়ানডেতে তো হেরেছিল বাংলাদেশই। তামিম ইকবাল অবশ্য এ নিয়ে একদমই ভাবতে রাজি নন। তাঁর দাবি, এ সিরিজের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।
গতকাল আফগানিস্তান সিরিজের আলোচনায় দুই বছর আগের ওই ম্যাচের প্রসঙ্গ বারবার ঘুরেফিরে আসছিল। সেবার মাঠের বাইরে থেকে দলকে হারতে দেখেছিলেন তামিম। এবার মাঠেই সে হারের জবাব দেওয়ার সুযোগ। তবে এটাকে ‘প্রতিশোধে’র সুযোগ হিসেবে দেখতে চান না তামিম, ‘আমি খুব একটা প্রতিশোধে বিশ্বাসী নয়। আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করি, প্রক্রিয়াটা ঠিক থাকে, যেকোনো দলকেই হারাতে পারব। সে আফগানিস্তান হোক, ইংল্যান্ড হোক কিংবা অন্য কোনো দল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরেই তাই খুশি তামিম, ‘অনেক দিন পর আমরা দল হিসেবে খেলব। সবাই খুব রোমাঞ্চিত। শেষ তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। যেসব অনুশীলন করেছি, ম্যাচে তা কাজে লাগানোর চেষ্টা করব।’
হঠাৎ করে পাওয়া আঙুলের চোট তামিমকে নিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল সবার মনে। কিন্তু তিনি চোট কাটিয়ে সিরিজ খেলার জন্য প্রস্তুত, ‘আল্লাহর রহমতে ভালোই সেরে উঠেছি। হাতে কোনো সমস্যা নেই।’ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হারটাও খুব একটা গুরুত্ব পাচ্ছে না দেশসেরা ওপেনারের কাছে, ‘২৫ তারিখের ম্যাচ হবে একদম ভিন্ন একটা খেলা। সেদিন তারা আরও ভালো দলের সঙ্গে খেলবে।’