সিরিজের টোপ দিয়ে পাকিস্তানের ভোট পেয়েছিল ভারত!

বিশ্ব ক্রিকেটের তেভাগা পরিকল্পনা যখন করল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড; প্রথম থেকেই তীব্র প্রতিবাদ করে আসছিল পাকিস্তান। কিন্তু হঠাৎ করে ইউ টার্ন নিয়ে সেই পরিকল্পনায় সায় দেয় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই অবস্থান বদলের রহস্য জানা যাচ্ছে এখন। পিসিবি বলছে, দ্বিপক্ষীয় সিরিজ আবার শুরু হবে ভারত এমন প্রতিশ্রুতি দিয়েই ‘বিগ থ্রি’র পরিকল্পনায় পাকিস্তানের ভোট পেয়েছিল।
এত দিন পর ভারতের কাছে সেই সমর্থনের প্রতিদান চাইছে পিসিবি। বলছে, সেই প্রতিশ্রুতি রক্ষা করা এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব। পিসিবি প্রধান শাহরিয়ার খানের মন্তব্যে উঠে এল নতুন এই তথ্য।
চলতি বছরের ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক ডামাডোলে অনিশ্চিত সেই সিরিজ। ভারতকে অতিথি হিসেবে পেতে মরিয়া পিসিবি। শাহরিয়ার এখন সেই পুরোনো প্রতিজ্ঞার কথাও তাই মনে করিয়ে দিচ্ছেন, ‘ভারত আমাদের ক্রিকেটীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছিল। আমরা বিগ থ্রির প্রস্তাবে রাজি হয়েছিলাম সিরিজের নিশ্চয়তা পেয়ে। ২০২৩ সালের মধ্যে মোট ৬টি সিরিজ খেলার কথা দুই দেশের। বিসিসিআইকে তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই। আমি আশাবাদী শিগগিরই ভারত-পাকিস্তান সিরিজ মাঠে গড়াবে।’
শুধু দ্বিপক্ষীয় সিরিজ নয়; পিসিবি নাকি আরও বেশ কিছু লোভনীয় প্রস্তাব পেয়েই ‘তিন মোড়লে’র হাতে সব ক্ষমতা তুলে দিয়ে রাজি হয়েছিল। শাহরিয়ারই বলছেন সে কথা, ‘বিগ থ্রিকে সমর্থনের একটি কারণ ছিল ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। কিন্তু সেটিই একমাত্র কারণ নয়। আরও বেশ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করেই আমরা প্রস্তাবে সায় দিয়েছিলাম।’
কিন্তু সেই সুবিধাগুলো কী, তা অবশ্য পিসিবিপ্রধান খোলাসা করেননি। সূত্র: পিটিআই।