সিরিজের বাতিল নিয়ে বিসিবিকে কিছু বলেনি অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বাংলাদেশ  সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ফাইল ছবি

সফর বাতিলও হতে পারে, এমন একটি প্রস্তুতি নিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেছে সিএ—এমনই খবর প্রকাশ হয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে। বিসিবির প্রধান নির্বাহী আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সফর বাতিলের বিষয়ে সিএর সঙ্গে কোনো কথা হয়নি তাঁদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) চলমান দ্বন্দ্বের নিরসন এখনো হয়নি। সিএর পক্ষ থেকে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ প্রধান অ্যালিস্টার নিকলসনের মধ্যে চলা আলোচনা আবারও ভেস্তে গেছে কোনো ফলাফল ছাড়াই। এই সংকটে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল হওয়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটি নিয়ে এখনই ভাবতে চাইছে না বিসিবি।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। তবে আজ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী ২৫ তারিখে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।’
যেকোনো সফরের আগে নিয়মমাফিক নিরাপত্তা পরিদর্শন হিসেবে সিএ এবং এসিএ দুই অংশের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে, এটিও অবশ্য অজানা নয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যদি না-ই আসে, বিসিবির বিকল্প ভাবনা কী হবে, সেটি নিয়ে নিজাম উদ্দিন কিছু বলতে চাইলেন না, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত। এই সময়ে কারা কোন সিরিজ নিয়ে ব্যস্ত আছে, কাদের খেলা নেই, এফটিপি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের কোনো মন্তব্য নেই। আমরা অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় আছি।’