সিরিজের মীমাংসা পয়েন্ট দিয়ে!
গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০-তে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ নিয়ে তাই খুব একটি আগ্রহ ছিল না কারোরই। টি-টোয়েন্টি সিরিজেও একই অবস্থা। ৩ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় শেষ ম্যাচটি পরিণত হলো ‘ডেড রাবারে’। ক্রিকেটীয় বিবেচনায় মূল্য থাকলেও সিরিজের ভাগ্য নির্ধারণে এসব ম্যাচের কোনো গুরুত্বই থাকে না।
ইংলিশ ক্রিকেট বোর্ড তাই সিদ্ধান্ত নিয়েছে পুরো বিষয়টি একটু নেড়েচেড়ে দেখার। একাধিক সংস্করণের দ্বিপাক্ষিক সিরিজে আর আলাদা করে বিজয়ী নির্ধারণ না করে প্রতিটি ম্যাচের জন্য নির্দিষ্ট পয়েন্ট দেওয়ার কথা চিন্তাভাবনা এ থেকেই। সিরিজ শেষে এই ম্যাচগুলোর পয়েন্ট যোগ হয়ে নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী। আগামী মে মাসে ইংল্যান্ড সফর শুরু হবে শ্রীলঙ্কা দলের। ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টির এই সফরেই এই পদ্ধতি চালু করার ইচ্ছা ইসিবির।
প্রস্তাবটি নতুন, তবে চিন্তাটা পুরোনো। মেয়েদের অ্যাশেজে গত দুবার এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ২০১৩ সালে টেস্ট ম্যাচে ৬ পয়েন্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ২ পয়েন্ট করে দেওয়া হয়েছিল বিজয়ীদের। আর ২০১৫ সালে টেস্ট ম্যাচের পয়েন্ট কমিয়ে ৪ পয়েন্ট দেওয়া হয়েছিল। পয়েন্টের হিসাবে মেয়েদের সর্বশেষ অ্যাশেজে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।
এ পদ্ধতির একটি সুবিধা হচ্ছে, কোনো ম্যাচই আর গুরুত্বহীন থাকবে না। ধরুন, শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে গেল। কিন্তু ওয়ানডে সিরিজে ৪-০-তে পিছিয়ে পড়ল। তখন মনে হতেই পারে পঞ্চম ওয়ানডের আর কী গুরুত্ব থাকল? কিন্তু পয়েন্ট পদ্ধতি চালু হলেই তখন দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। আর এত দিনের পদ্ধতিতে যে ম্যাচটি ছিল ‘ডেড রাবার’, সেই ম্যাচটিই হয়ে যাবে তখন সিরিজ নির্ধারণী!
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাই প্রস্তাবটি গুরুত্ব নিয়েই ভাবছে। বোর্ড সচিব মোহন ডি সিলভা জানালেন, ‘ইসিবি আমাদের অনুরোধ করেছে। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। নির্বাহী কমিটির পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা করা হবে।’ সূত্র: ক্রিকইনফো।