সিলেট-বরিশালের দুই রকম চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট ম্যাচে পর্দা উঠল বিপিএলের। কাল রংপুর-চিটাগংয়ের ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার পরশ! সব মিলিয়ে মাঠের লড়াইয়ে জমাট এক বিপিএলের পূর্বাভাসই দিল উদ্বোধনী ম্যাচটি।
রংপুর-চিটাগংয়ের মতো প্রথম দিনে খেলেছে ঢাকা ও কুমিল্লা। ছয় দলের মধ্যে বাকি সিলেট ও বরিশাল। আজ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর দলও নেমে পড়বে লড়াইয়ে। মুশফিকের সিলেটের প্রতিপক্ষ চিটাগং, মাহমুদউল্লাহর বরিশালের প্রতিপক্ষ রংপুর।
খুব স্বল্প সময়ের প্রস্তুতিতে প্রত্যেক দলকেই নামতে হচ্ছে মাঠে। ব্যতিক্রম নয় সিলেটও। তবে সিলেটের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রুবেল হোসেন ও আবদুর রাজ্জাকের চোট। লটারিতে সিলেট প্রথমই ডেকেছিল এই দুজনকে। বোঝাই যাচ্ছে, স্থানীয়দের প্রতি কতটা আস্থা তাদের। তাই দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের চোট বেশ ভাবাচ্ছে সিলেটকে। তবে কোচ সারওয়ার ইমরান স্বাভাবিকভাবেই নিচ্ছেন সবকিছু, ‘এটাই তো জীবন। পরিকল্পনা করলে যে শতভাগ ঠিক হবে, তা নয়। আমরা এ দুটি চোটের জন্য তৈরি ছিলাম না। একটা চোট (রুবেল) আমরা মেনে নিয়েছি। কিন্তু রাজ্জাকের চোটে আমাদের অনেক পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। তবে পরিস্থিতি আমরা মানিয়ে নেব।’
বরিশালের অবস্থা ঠিক উল্টো। এখনো এসে পৌঁছাননি ক্রিস গেইল। দল আপাতত স্থানীয়দের ওপরই আস্থাশীল। ওপেনার শাহরিয়ার নাফীস মনে করেন এবার বিপিএলে প্রতিটি দলেই আলো ছড়াবেন দেশের তারকারা, ‘কোনো দলে এবার একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো খেলোয়াড় নেই। দৃঢ়বিশ্বাস, এবারের বিপিএল নির্ভর করবে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। চেষ্টা করব, স্পটলাইট ভালোভাবে আমাদের দিকে নিয়ে আসার।’
বিপিএলের প্রথম আসরে বরিশালের হয়ে ভালো না করলেও দ্বিতীয় আসরে হেসেছিল শাহরিয়ারের ব্যাট। খুলনার হয়ে ১২ ম্যাচে করেছিলেন ৩৯৫ রান। ছিল একটি সেঞ্চুরিও। এবার ওই সুখস্মৃতিই ফিরিয়ে আনতে চান শাহরিয়ার, ‘গত বিপিএলে প্রায় সব ম্যাচেই ভালো করেছিলাম। এবার বিপিএলে ধারাবাহিক ভালো খেলার চেষ্টা থাকবে। তবে আলাদা করে কোনো লক্ষ্য আপাতত নেই।’