সিলেটে বিপিএলের টিকিটের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএল নিয়ে সিলেটে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভীষণ আগ্রহ। ছবি: প্রথম আলো
বিপিএল নিয়ে সিলেটে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভীষণ আগ্রহ। ছবি: প্রথম আলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা দেখতে দিনভর লাইনে দাঁড়িয়েও টিকিট সংগ্রহ করতে পারেননি অধিকাংশ দর্শকে। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে হাহাকার ও ক্ষোভ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামে এ টিকিট বিক্রি শুরু হয়।

টিকিটপ্রত্যাশী কয়েকজন দর্শক জানিয়েছেন, আজ সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এ জন্য গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকেই জেলা স্টেডিয়ামের সামনে হাজারো টিকিটপ্রত্যাশী ভিড় জমান। বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শনার্থীর ধারণসংখ্যা ১৮ হাজার। এর মধ্যে ১৫ হাজার টিকিট দর্শকদের জন্য বিক্রি করা হবে। বাকি ৩ হাজার টিকিট সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের দেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ওই দিনের বরাদ্দ টিকিট শেষ হওয়ার আগ পর্যন্ত জেলা স্টেডিয়ামের সামনে স্থাপিত বুথে বিক্রি করা হবে বলে তিনি জানিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফরহাদ কোরেশী প্রথম আলোকে জানান, টিকিট বিক্রির পুরো বিষয়ই বিপিএল কর্তৃপক্ষ দেখছে। এ নিয়ে তাঁরা বিস্তারিত জানেন না। এমনকি আজ কত সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছে, সেটিও তাঁর জানা নেই।
আগামী ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএল। এ টুর্নামেন্ট ঘিরে এরই মধ্যে সিলেটে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।