
আরেকবার ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ক্রিকেটারদের নাচ দেখল ফতুল্লা। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আরেকবার সাক্ষী হলো অঘটনের। ১৮ মে ভিক্টোরিয়াকে হারিয়ে হইচই ফেলে দেওয়া সিসিএস এবার হারাল পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডানকে। নবম ম্যাচে পাওয়া দ্বিতীয় এই জয়ে অবনমন এড়ানোর আশার পালেও হাওয়া লাগল সিসিএসের।
মোহামেডানের শেষ ব্যাটসম্যান এনামুল হক জুনিয়র স্টাম্পড হতেই সিসিএস ক্রিকেটাররা মেতে উঠলেন বাঁধভাঙা উল্লাসে। কেউ কেউ তো আনন্দের আতিশয্যে মাঠে গড়াগড়িই খেলেন।
উল্লাসটা একটু স্তিমিত হতেই সিসিএসের তরুণ ক্রিকেটাররা ছুটলেন মোহামেডানের ডাগ-আউটে। সান্ত্বনা দিলেন সেখানে বসে কাঁদতে থাকা মোহামেডান ব্যাটসম্যান নাজমুল হোসেন মিলনকে। নায়ক হওয়ার সম্ভাবনা জাগিয়ে হঠকারি শটে উইকেট বিলিয়ে দেওয়ার পর থেকেই হাঁটুতে মুখ গুঁজে বসে ছিলেন ‘ছক্কা মিলন’খ্যাত এই ব্যাটসম্যান। তাঁর আউটেই যে মোহামেডানের শেষ সম্ভাবনাটুকুরও অবসান।
১৪৯ রানের লক্ষ্য। আগের দিন ২.২ ওভার ব্যাটিংয়ে বিনা উইকেটেই ১৩ রান তুলে ফেলেছিল মোহামেডান। কাল খেলা শুরু হতেই বিপর্যয়। দিনের প্রথম ৯ ওভারে ৪০ রান তুলতেই ৬ উইকেট নেই মোহামেডানের। অহেতুক আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট বিলিয়ে দিয়ে এলেন নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, এজাজ আহমেদরা। প্রথম ৬ উইকেটের চারটিই নিয়েছেন সিসিএসের পেসার মেহরাব হোসেন।
নাজমুল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান এ সময়েই। শুরুতে আক্রমণাত্মক সত্তাটাকে লুকিয়েই রেখেছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। সপ্তম উইকেটে হাবিবুর রহমানের সঙ্গে ২৭ রানের জুটিতে মাত্র ৭ রান তাঁর। ১৭তম ওভারে হাবিবুর আউট হওয়ার পর দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিতে চাইলেন নাজমুল। ৭ ওভারে দরকার ৬৪ রান, ১৯তম ওভারে টানা দুই ছক্কায় ১৯ রান তুলে সমীকরণটাকে ৬ ওভারে ৪৫ রানে নামিয়ে আনলেন। পরের ওভারে আরও ৮ রান। সর্বনাশটা হলো ২১তম ওভারে। মিডিয়াম পেসার সালমান হোসেনের প্রথম বলটায় লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে অমিত মজুমদারের হাতে ক্যাচ হলেন ২৫ বলে ৩২ রান করা নাজমুল। মোহামেডান অলআউট আর পাঁচ বল পরেই।
পরশু ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করার পর কাল বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সালমান হোসেন। ম্যাচের পর নাজমুলের আউটটাকেই টার্নিং পয়েন্ট মেনেছেন ২০ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘উনি (নাজমুল) যেভাবে ব্যাট করছিলেন তাতে আর কয়েক ওভার টিকলে ম্যাচটা বেরই করে ফেলতেন। তাই আমি এই উইকেটটাকেই বেশি গুরুত্ব দেব।’
ভিক্টোরিয়ার পর মোহামেডান, সিসিএসের তরুণ দলটির এবার প্রিমিয়ার লিগে টিকে থাকতে পাখির চোখ করেছে আবাহনী ও কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে শেষ ম্যাচ দুটিকে।
সংক্ষিপ্ত স্কোর
সিসিএস: ২৪.৫ ওভারে ১৪৯ (সালমান ৫৮, অমিত ২৪, উত্তম ২৩*; আরিফুল ৩/২৯, হাবিবুর ২/২৩, শুভাশিস ১/২২, নাঈম জু. ১/২৮, এনামুল জু. ১/৩২)। মোহামেডান (লক্ষ্য ২৫ ওভারে ১৪৯): ২১ ওভারে ১১৭ (এজাজ ৩৫, মিলন ৩২, হাবিবুর ২০; মেহরাব ৪/১৪, সালমান ৩/২৭, শাওন ১/২৬, সাইফ ১/২৮)।
ফল: সিসিএস ৩১ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান হোসেন।