সিসিডিএম চেয়ারম্যানও অসহায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারিং বিতর্কের সমাধান তাহলে সিসিডিএম চেয়ারম্যানের কাছেও নেই! দ্বিতীয় বিভাগ লিগের পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে জানতে চাইলে কাল মুঠোফোনে এমন অসহায়ত্বই প্রকাশ করেছেন সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক গাজী গোলাম মোর্তজা।
সমস্যা সমাধানের একটা পথই দেখেন সিসিডিএম প্রধান, ‘সমাধান একমাত্র তখনই সম্ভব হবে, যখন লিগ চলার সময় আম্পায়ারদের দায়িত্ব সিসিডিএম পাবে। আমার আরেকটা প্রস্তাব ছিল, প্রতিটি ক্লাব আম্পায়ারদের নাম দেবে। নতুন কিছু আম্পায়ার আছেন, তাঁদের নামও আমরা নেব। খেলার আগের দিন আমরা দুই ক্লাবের প্রতিনিধির সামনে লটারি করব। লটারিতে যে দুজন আম্পায়ারের নাম আসবে, তাদের মাঠে পাঠাব। কিন্তু সেটাও করতে পারিনি।’
আম্পায়ারিং বিতর্কের দায়ভার সিসিডিএম নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ‘বারবার বলার পরও আম্পায়ার্স কমিটির কাছ থেকে কোনো সাড়া পাইনি। তাদের অনেকবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি। তারা বলে, ম্যাচের আম্পায়ার মনোনয়ন করা তাদের এখতিয়ার। এভাবে কোনো দিনই সমস্যার সমাধান হবে না। লিগে কোন ম্যাচে কে আম্পায়ারিং করবে, সেটি ঠিক করার দায়িত্ব সিসিডিএমকেই দিতে হবে।’
প্রথম বিভাগ ক্রিকেটে রূপগঞ্জ টাইগার্সের খেলোয়াড়দের সঙ্গে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কোচ খালেদ মাহমুদের অসদাচরণের ব্যাপারে জানতে চাইলেও ফুটে উঠল সিসিডিএম চেয়ারম্যানের অসহায়ত্ব। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হলেন না তিনি।