সুইংয়ের রাজা নন জুয়ার রাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসিম আকরাম সুইং শব্দটিকে তাঁর নামের সমার্থক করে তুলেছেন। গতি, সুইং দিয়ে পুরো ক্রিকেট-বিশ্বকে শাসন করেছেন দেড় দশকেরও বেশি সময়। তাঁর সুইংয়ের বিষে নীল হননি—এ দাবি করার মতো ব্যাটসম্যান খুব কম। শুধু শুধু তো আর তাঁকে ‘সুইংয়ের রাজা’ বলা হয় না। অথচ গর্বের এই উপাধিকে জড়িয়েই তাঁকে গালি দেওয়া হলো!
কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন আকরাম। এশিয়া কাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড। আকরামের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এ ধরনের তদন্ত দলে খারাপ প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের স্থানীয় ক্রিকেটের দুরবস্থা নিয়েও কথা বলেছেন তিনি, প্রশ্ন তোলেন বোর্ডের তদন্ত কমিটির প্রধান শাকিল শেখের যোগ্যতা নিয়ে।
পাল্টা জবাবে অতীত খুঁড়ে আকরামের মনে বেদনা জাগিয়ে তুললেন পিসিবি কর্মকর্তা, ‘আমার মনে হয় না আকরাম “সুইংয়ের রাজা”, সে আসলে “জুয়ার রাজা”। অন্যকে সমালোচনা করার আগে তার একটু ভাবনা-চিন্তা করা উচিত। তার অতীত সবারই জানা; বোর্ডে অনেক পুরোনো ফাইলই আছে যেগুলো নতুন করে খোলা যায়!’
ম্যাচ গড়াপেটার দায়ে গত শতাব্দীর শেষ দিকে আকরাম, সেলিম মালিকসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত হয়েছিল। এ নিয়ে বিচারক মালিক কাইয়ুমের তদন্ত প্রতিবেদন জমা হয়েছিল বোর্ডের কাছে। শাকিলের ইঙ্গিত সেদিকেই।
এখানেই থেমে থাকেননি শাকিল, আকরামকে সুযোগসন্ধানী ও অর্থলোভী প্রমাণ করার জন্য কিছু বাড়তি তথ্যও দিয়েছেন। ইমরান খানকে ব্যবহার করেই নাকি আইপিএলে চাকরি পেয়েছেন আকরাম। কিছুদিন আগে আকরামের নেতৃত্বে হওয়া পেস বোলিং ক্যাম্প নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আকরাম নাকি নিজের জন্য স্পনসর ঠিক করে তারপর বোর্ডকে বাধ্য করেছেন ক্যাম্প চালু করতে। আইএএনএস।