সুখবর পেলেন পেসার আল আমিন

আল আমিনের স্বভাবসুলভ আকর্ণ হাসিটা ফোনের এপার থেকেই বেশ টের পাওয়া গেল! এমন হাসির যথেষ্ট কারণও রয়েছে। দুশ্চিন্তার মেঘ কেটেছে বাংলাদেশের পেসারের। বোলিং অ্যাকশনে সমস্যা নেই, আইসিসির পরীক্ষার ফলাফলে সবুজসংকেত পেয়েছেন।
বাংলাদেশের পেসার এ মুহূর্তে নিজ জেলা ঝিনাইদহে। ফোনে জানালেন, ‘খবরটা গতকালই জানানোর কথা ছিল। ছুটির কারণে জানায়নি। আজ বিসিবি থেকে খবরটা পেয়ে খুব ভালো লাগছে।’ বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পরের দিনগুলো কেটেছে চিন্তা আর শঙ্কা নিয়ে। সে কথাই বললেন আল আমিন, ‘খুব টেনশনে ছিলাম। এমন একটা খবরে কার মন ভালো থাকে? তবে সুখবরটা পেয়ে এখন খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ এদিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে আল আমিন লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমার বোলিংয়ে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এই সিরিজে ওয়ানডে ম্যাচেই জাতীয় দলে ফিরব। আমার সকল ভক্তকে জানাই ধন্যবাদ।’
গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আইসিসির নতুন পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আল আমিন। দেশে ফিরে জানিয়েছিলেন, ‘আমাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচের মতো বল করতে বলা হয়েছিল। আমি তা–ই করে দেখিয়েছি। বল করার সময়ই বুঝেছি, অ্যাকশনে কোনো সমস্যা হচ্ছে না। আশা করি ভালো ফলাফল আসবে।’ অবশেষে ‘ভালো ফল’ই মিলল। ৯ ওয়ানডেতে ১৬ উইকেট নেওয়া আল আমিনের জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ফিরতে কোনো বাধা থাকল না।