সুখবর পেয়েই তোপ দাগলেন আল আমিন, নুরুলের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন-রাজ্জাকদের মুখ দেখে বোঝার উপায় নেই খুলনা দিনটা দারুণ কেটেছে। সৌজন্য ছবি
আল আমিন-রাজ্জাকদের মুখ দেখে বোঝার উপায় নেই খুলনা দিনটা দারুণ কেটেছে। সৌজন্য ছবি

একদিন আগে বড় সুখবর পেয়েছেন আল আমিন হোসেন। তিন বছর পর ফিরেছেন বাংলাদেশ দলে। সুযোগ পেয়েছেন ভারত সফরের টি-টোয়েন্টি দলে। এ সুখবরটাই কি আজ তাঁকে ভীষণ আত্মবিশ্বাসী করেছে? খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আল আমিনের তোপ আর আবদুর রাজ্জাকের ঘূর্ণিতে জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী গুটিয়ে গেছে ১৭০ রানে।

কাল ইমরুল কায়েস আফসোসে পুড়েছেন ৯৩ রানে রানআউট হয়ে। নুরুল হাসানের আফসোসটা যে আরও বেশি! আজ তিনি অপরাজিত ৯৭ রানে। আগের দিনের ৬ উইকেটে ২২৭ রানের স্কোর নিয়ে খেলতে নামা খুলনাকে বলতে গেল একাই এগিয়ে নিয়েছেন নুরুল। আজ খুলনা যে ৮২ রান যোগ করেছে এর ৬২ রানই তাঁর। সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত তিন অঙ্ক আর ছোঁয়া হয়নি খুলনার উইকেটকিপার ব্যাটসম্যানের। খুলনা অলআউট হয়েছে ৩০৯ রানে।

প্রথম ইনিংসে রাজশাহী ভালো করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে করেছে আরও খারাপ, অলআউট হয়েছে ১৭০ রানে। ধ্বংসস্তূপের মধ্যে মুশফিকুর রহিম যা একটু লড়েছেন, করেছেন ৪৪ রান। আল আমিন ও রাজ্জাক নিয়েছেন ৪টি করে উইকেট। ম্যাচটা জিততে কাল শেষ দিনে খুলনাকে ৯ উইকেটে করতে হবে ১০৮ রান। ফতুল্লায় চট্টগ্রামের বিপক্ষে বরিশাল অলআউট ২১৬ রানে। চট্টগ্রামের অফ স্পিনার নাঈম নিয়েছেন ৪ উইকেট।

দিন শেষে নিজের হতাশা ছাপিয়ে দলের অবস্থান নিয়েই তৃপ্ত নুরুল, ‘আফসোস তো হচ্ছিলই। আল আমিনের সঙ্গে বেশ ভালো একটি জুটি হয়েছে শেষে (৩০ রান)। তবে দল ভালো অবস্থায় আছে তাই এখন এটা আর মাথায় নেই।’