সুখবর পেয়েই পড়লেন কুখবরের খপ্পরে

দ্রুত তাবিজ-কবচের আশ্রয় নিতে হবে টম ওয়েস্টলিকে, অথবা ঝাড়ফুঁক। ঈর্ষাকাতর মানুষের ‘নজর’ যে পড়েছে এই ব্যাটসম্যানের ওপর। ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পাওয়ার সুখবর তাজা থাকতে থাকতেই একের পর অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে গেছেন, সেটিও ২৪ ঘণ্টার মধ্যে। ‘কুফা’ লাগলে যা হয় আরও কি!
গ্যারি ব্যালান্সের চোটে সিরিজের মাঝপথে ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। দলে তিন নম্বর ব্যাটসম্যানের শূন্যস্থান ওয়েস্টলিকে দিয়ে পূরণ করছে ইংল্যান্ড। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকান পেসারদের শাসন করে পাওয়া সেঞ্চুরিতেই ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ মিলছে তাঁর। আগামী বৃহস্পতিবার ওভাল টেস্টেই যে তাঁর অভিষেক হচ্ছে, সেটিও নিশ্চিত করে দিয়েছেন নির্বাচকেরা। কিন্তু যা শুরু হয়েছে, তাতে সে নিশ্চয়তাও স্বস্তি পেতে দিচ্ছে না তাঁকে।
শুধু শুক্রবার দিনটার কথা ভাবলেই যে চমকে উঠতে হচ্ছে। শুক্রবারে টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আর মাঠে নামা হয়নি তাঁর। প্রথমে ভেবেছিলেন একটু বেশিই ‘পান’ করে ফেলেছেন, সে কারণেই খারাপ লাগছে। পরে বুঝলেন অন্য কিছু, ‘আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। অ্যালকোহল-সংক্রান্ত কিছু না, খাদ্যে বিষক্রিয়া হয়েছিল।’
পেটের সমস্যা ঠিক হওয়ার আগেই আরেক ঝামেলা। ফিরতি পথে নষ্ট হলো গাড়ি। সেটা ঠিক করতে না পেরে সিদ্ধান্ত নিলেন ট্রেনে চড়ার, কিন্তু বিপত্তি কি সেখানেও থামে? ট্রেনে উঠে টের পেলেন টিকিট কাটতে ভুলে গেছেন! জরিমানা দিয়ে তবেই ছাড়া পেয়েছেন। এমন বাজে দিন খুব কম দিনই আসে। আর ওয়েস্টলির এমন দিন কিনা এসেছে খেলোয়াড়ি জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ পাওয়ার পরই। না আসলেই ‘কুনজর’ কাটানোর ঝাড়ফুঁক করিয়ে নেওয়া উচিত তাঁর! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।