বাই বাই অস্ট্রেলিয়া

২৪ জানুয়ারি সন্ধ্যায় বিশ্বকাপ-মিশনে বাংলাদেশ ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। মাঝে প্রায় দুই মাস। সময় হলো খেলোয়াড়দের ঘরে ফেরার। প্রায় দুই মাসের সফর শেষে আজ রাতে দেশের বিমান ধরবে বাংলাদেশ দল।
এ সময়টাতে কতশত স্মৃতি জমা হয়েছে মাশরাফিদের মনে। ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা, মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরি, মুশফিক-মাহমুদউল্লাহর দুর্দান্ত জুটি, ডেথ ওভারে রুবেলের ভয়ংকর ইয়র্কারে ছত্রখান ইংলিশ ব্যাটসম্যানের উইকেট—স্মরণযোগ্য কত, কত অর্জন! শুধু কি তা-ই? এমসিজি, ব্রিসবেন, অ্যাডিলেডের মতো ক্রিকেটের বিখ্যাত মাঠগুলোয় প্রথম পা রাখার অভিজ্ঞতাও কি যোগ হবে না সুখস্মৃতিতে?
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ দুপুরে ফোনে প্রথম আলোকে বললেন, ‘রাত সাড়ে দশটায় ফ্লাইট। এরপর অ্যাডিলেড-দুবাই হয়ে আগামীকাল বিকেলে দেশে পৌঁছানোর কথা আমাদের।’ এও জানালেন, এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইটে উড়াল দেবে বাংলাদেশ দল।
প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক মেলবোর্ন থেকে জানালেন, আজ বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন খেলোয়াড়েরা। সকালে যে যাঁর মতো বাইরে গিয়েছেন। কেউ দুপুরে খাবার কিনতে গিয়েছিলেন। কখনো বা ভক্তদের সঙ্গে টুকটাক সেলফি, অটোগ্রাফ দেওয়া—এভাবে সময় কেটেছে। এরপর দুপুর দুটোয় মেলবোর্ন থেকে অ্যাডিলেডে রওনা হয়েছে দল। সেখান থেকে রাতে বাংলাদেশের ফ্লাইট। তবে দলের সঙ্গে থাকছেন না সাকিব আল হাসান। তিনি আজ ভোরেই মেলবোর্ন থেকেই দেশের উদ্দেশে সস্ত্রীক রওনা হয়েছেন।
এবার নায়কদের বরণ করে নেওয়ার পালা।