সুখে থাকতে ভূতে কিলায় আফ্রিদিকে
>কাশ্মীর নিয়ে মন্তব্য করে ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন শহীদ আফ্রিদি।

কপিল দেবের কাছে শহীদ আফ্রিদি অচেনা কেউ নন। কিন্তু ভারতের সাবেক অধিনায়কের প্রশ্ন, ‘সে কে? আমরা তাকে কেন গুরুত্ব দিচ্ছি? কিছু মানুষকে গুরুত্ব দেওয়া উচিত নয়।’
পাকিস্তানের সাবেক অধিনায়ককে তাক করে কপিলের এই বাউন্সারে যে–কেউ অবাক হতেই পারেন। তবে আফ্রিদি এই বাউন্সার ‘খেয়েছেন’ নিজের কারণেই—কাশ্মীর নিয়ে মন্তব্যের জন্য। দেশের হয়ে খেলা ছাড়লেও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলছেন। এখন রাজনৈতিক মন্তব্য করে বিতর্কের মুখে তিনি।
কাশ্মীরকে মঙ্গলবার ‘ভারতের দখল করা’ উল্লেখ করে আফ্রিদির টুইট, ‘ভারতের দখল করা কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ এবং উদ্বেগজনক। স্বাধীনতা নিয়ে কথা বলায় প্রাণ হারাতে হচ্ছে নিরীহ মানুষদের। অবাক হচ্ছি, জাতিসংঘ কিংবা অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কোথায়? এই রক্তপাত বন্ধে তারা কি কিছুই করবে না?’
ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে সমস্যা নতুন কিছু নয়। গত রোববার ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সৈন্য ও ১৩ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এ ঘটনার পরই আফ্রিদির টুইট খেপিয়ে দিয়েছে ভারতীয়দের। দেশটির সাবেক-বর্তমান ক্রিকেটাররাও পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারের সমালোচনা করেছেন।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার আফ্রিদিকে উদ্দেশ করে বলেছেন, ‘আমাদের দেশকে চালানোর মতো সক্ষম মানুষ রয়েছে। বাইরের কারও জানা কিংবা বলার দরকার নেই কী করা উচিত।’ সুরেশ রায়নার টুইট, ‘আশা করি, আফ্রিদি ভাই পাকিস্তানের সামরিক বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস ও যুদ্ধ থামানোর অনুরোধ করবেন। রক্তপাত নয়, আমরা শান্তি চাই।’
বিরাট কোহলির কাছে তাঁর দেশের স্বার্থই সবার ঊর্ধ্বে। ভারতীয় অধিনায়কের টুইট, ‘একজন ভারতীয় হিসেবে দেশের স্বার্থই আমার কাছে বড়। তবে কোনো ব্যাপারে পুরোপুরি না জেনে মন্তব্য করাটা যে–কারও একান্তই নিজস্ব ব্যাপার।’
ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ অবশ্য আইপিলের খোঁচা মেরেছেন আফ্রিদিকে। তাঁর টুইট, ‘টাকা কথা বলে। পাকিস্তানের খেলোয়াড়েরা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এ ধরনের কথা বলতেন—এটা আমি ভাবতেও পারছি না। জঙ্গি অনুপ্রবেশ ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে বলেই পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পায় না।’
ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের বক্তব্য, ‘আফ্রিদির জড়বুদ্ধিসম্পন্ন অভিধানে জাতিসংঘ বা ইউএন (UN) শব্দটির অর্থ আন্ডার নাইন্টিন।’