সুদূরে স্বপ্ন বাসা বেঁধেছে সৌম্যের
>নতুন দিন। নতুন বছর। নতুন আশা। নতুন স্বপ্ন। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের আগামীর তিন কান্ডারি তিন তরুণ তুর্কিকে নিয়ে তিনটি বিশেষ ফিচার প্রথম আলোর পাঠকদের জন্য। এই পর্বে থাকছে সৌম্য সরকারের স্বপ্নের গল্প....

মুঠোফোন বেজে চলেছে, ধরছেন না সৌম্য সরকার। তিনি তখন গভীর ঘুমে। সুন্দর স্বপ্ন কি আচ্ছন্ন করে ফেলল সৌম্যকে?
উত্তরটা না হয় অজানাই থাক। তবে সময় হয়েছে জেগে ওঠার। নতুন বছরে যে হাতছানি দিচ্ছে নতুন মিশনের। বছরের শুরুতেই সৌম্যের কাছে থেকে শোনা যাক তাঁর স্বপ্নের কথা।
২২ গজে যাঁর প্রতিটি পদক্ষেপই মোহনীয়। নিশ্চয় চান ক্যারিয়ারে হাজার হাজার রান, সেঞ্চুরির পর সেঞ্চুরিতে নিজের নামটা স্মরণীয় করে রাখতে। ২০১৫ সালটা বাংলাদেশের দলে হয়ে যা করেছেন, তাতে প্রত্যয় নিশ্চয়ই বেড়েছে। বেড়েছে আত্মবিশ্বাস। স্বপ্ন দেখার সাহসও।
সদ্য বিগত হওয়া বছরে ১৮ ওয়ানডেতে ১২টিতেই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এর মধ্যে সৌম্য তিনটিতে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজ কাটালেন স্বপ্নের মতো। পরপর দুই ওয়ানডেতে ম্যাচসেরা, সিরিজ সেরাও তিনি। গত বছর ১৫ ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে ৪ ফিফটি, ১ সেঞ্চুরিতে রান ৬৭২। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে ছিটকে না পড়লে হয়তো ২০১৫-তে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারতেন।
এমন পারফরম্যান্সে স্বপ্নের দিগন্ত নিশ্চয় ওই সুদূরে বিস্তৃত। সে স্বপ্নের কথা লুকালেন না সৌম্য, ‘স্বপ্ন তো দেখি সব সময় দারুণ কিছু করার। যেভাবে শুরু হয়েছে, শেষটাও এভাবে করতে চাই। অনেক দূরে যেতে চাই। আরও বড় কিছু করতে চাই। ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।’
খেলার বাইরে অবশ্য তেমন কোনো স্বপ্ন নেই। থাকলেও সেটা এখনই বলতে চান না। তবে সহাস্যে জানালেন মার্কিন মুলুকে একবার ঢুঁ মারার ইচ্ছের কথাটা, ‘ব্যক্তিগত জীবনে কত স্বপ্নই তো দেখি! সব কি আর বলা যায়? তবে একটা স্বপ্ন হচ্ছে, আমেরিকা দেশটা ঘুরে দেখব একবার।’
২০১৫ সালে বাংলাদেশ যেভাবে সাফল্য পেয়েছে, বড় বড় দলকে দাপটের সঙ্গে হারিয়েছে, এই প্রশ্নটা মোটেও অমূলক নয়—বাংলাদেশ কবে জিতবে একটি বৈশ্বিক টুর্নামেন্ট? প্রশ্নটার উত্তর এখনই দেওয়া কঠিন। তবে বাস্তবতার জমিনে দাঁড়িয়েই স্বপ্নটা দেখছেন সৌম্য, ‘যেভাবে ২০১৫ কেটেছে, এ ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, খুব শিগগির বিশ্বকাপের মতো বড় কিছু না হলেও বড় টুর্নামেন্ট জেতা কঠিন কিছু নয়। তবে জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই স্বপ্ন দেখি আইসিসির একটা টুর্নামেন্ট জিততে।’
অনিন্দ্য সুন্দর সে মুহূর্তের আশায় সৌম্য, তাঁর সঙ্গে গোটা বাংলাদেশ।