সুপার ওভারে পাকিস্তানের 'সুপার' হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব মালিকই জিতিয়ে নিয়ে ফিরতে পারতেন দলকে। ছবি: এএফপি।
শোয়েব মালিকই জিতিয়ে নিয়ে ফিরতে পারতেন দলকে। ছবি: এএফপি।

এ ধরনের ম্যাচগুলোকে নাকি ‘ডেড রাবার’ বলে! আগের দুই ম্যাচে হেরে ইংল্যান্ডের কাছে সিরিজটাও হেরেছে পাকিস্তান, তৃতীয় টি-টোয়েন্টিটা তো সেই হিসেবে অর্থহীনই। ভুলেও কথাগুলো বলতে যাবেন না যেন, দুনিয়ার তাবৎ ক্রিকেটপ্রেমী তেড়ে আসবে আপনার দিকে। হোক না সিরিজের জয়-পরাজয়ে এই ম্যাচ কোনো ভূমিকা রাখেনি, তাতে কী, সোমবার পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিটা তো দুর্দান্ত এক রোমাঞ্চই উপহার দিয়ে গেল।
একটা সময় প্রায় জিতে যাওয়া ম্যাচটাকেই পাকিস্তান ‘সফলতা’র সঙ্গে নিয়ে গেল সুপার ওভারে। অবশ্য দলটার নাম যখন পাকিস্তান, সহজে জিতে যাওয়া ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত উত্তেজনাটা ধরে রাখা অনেকটা ‘স্বাভাবিক’ই। ১৩ থেকে ১৯— এই ছয় ওভারে ওভারপ্রতি কমপক্ষে ১১ করে রান তুলে তারা জয়টাকে নিয়ে এসেছিল দৃষ্টিসীমায়। শেষ দুই ওভারে দরকার ছিল ১৮, ক্রিজে তখনো ৭৫ রানে অপরাজিত শোয়েব মালিক। পাকিস্তানের জয়ের সম্ভাবনাই তখন বেশি। কিন্তু ইংল্যান্ডকে বাঁচিয়ে দিলেন দুই ক্রিস — জর্ডান আর ওকস। নিজেদের দুই ওভারে মাত্র একটি করে চার আর ছক্কা দিয়ে ওকস আর জর্ডান পাকিস্তানকে থামিয়ে দিলেন জয় থেকে ১ রান দূরেই!
শেষ ওভারের ছয় বলের প্রত্যেকটিতেই যেন ছিল আকাশ-ছোঁয়া উত্তেজনা। প্রথম বলে ১ রান নিয়ে নন স্ট্রাইকে চলে গেলেন মালিক। মাত্র কিছুক্ষণ আগেই ক্রিজে আসা সোহেল তানভীর স্ট্রাইকে, তখনো দরকার ৯। এমনিতে যদি কিছু সংশয় থেকেও থাকে তাঁকে ঘিরে, সেটিকে লং অন দিয়ে উড়িয়ে দিলেন তানভীর— ছক্কা। আর ৩ বলে ৩— এ আর এমন কী! পরের বলে এক, দুই বলে দুই। ম্যাচ তখনো পাকিস্তানের হাতেই। কিন্তু পঞ্চম বলে এসেই ঝামেলাটা বেঁধে গেল। নায়কীয় ইনিংস খেলেছেন, জয়টাতেও হয়তো একটা নায়কীয় ভাব রাখতে চেয়েছিলেন মালিক। কিন্তু হলো না। উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফিরলেন। শেষ বলে তাই সমীকরণটা দাঁড়াল— ১ বলে দুই। চরম উত্তেজনার কারণে শেষ বলটাতে ব্যাটই লাগাতে পারলেন না স্ট্রাইকে থাকা তানভীর। উইকেটরক্ষক বাটলারের হাতে বল রেখেই দৌড়ে প্রান্ত বদল করলেন একবার। ফলাফল—ম্যাচ গড়াল সুপার ওভারে।
তাতে আবার প্রথম চমকটা দিল ইংল্যান্ড। দুই প্রান্তে দুই ব্যাটসম্যান শহীদ আফ্রিদি আর উমর আকমল, আর ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান কিনা বল তুলে দিলেন ক্রিস জর্ডানের হাতে! যিনি কিনা তাঁর করা ৪ ওভারে দিয়েছিলেন ৩৯ রান ! অবশ্য বাজিটা কাজে এসেছে। দুই মারকাটারি ব্যাটসম্যানের বিপক্ষে বেশ বুদ্ধিদীপ্ত বোলিং করে গেলেন জর্ডান। ক্রমাগত ফুল লেংথ, কিংবা ব্যাটসম্যানকে অনুসরণ করে পায়ের গোড়ালিতে বল ফেলে আফ্রিদি-আকমলকে বেঁধে রাখলেন মাত্র ৩ রানে! এর মধ্যে আবার শেষ বলে বোল্ডও করে দিলেন আকমলকে।
জবাব দিতে নেমে অবশ্য ধীরে-সুস্থেই লক্ষ্য পৌঁছে গেলেন বাটলার-মরগান। আফ্রিদির করা ওভারের পাঁচ বলে এক-দুই করে জয়ের জন্য প্রয়োজনীয় ৪ রান তুলে ফেলেন তাঁরা। নিজেদের ইতিহাসের প্রথম সুপার ওভারটা ইংল্যান্ড শেষ করল জয় দিয়েই।
সুপার ওভারে অবশ্য অতটুকু নাটকীয়তা হয়নি, যতটুকু পাকিস্তান ইনিংসের শেষ দুই ওভারে হয়েছে। পাকিস্তান ইনিংসের শুরুর দিকে অবশ্য মনে হচ্ছিল এই ম্যাচে বড় ব্যবধানেই হারবে পাকিস্তান। লক্ষ্য ১৫৪, তাতে ইনিংসের ১২ ওভারের মধ্যেই ৬৫ রানে ৫ ব্যাটসম্যান আউট! এরপরও যে শেষ পর্যন্ত সুপার ওভারের নাটকীয়তায় যেতে পেরেছে পাকিস্তান, সে কৃতিত্ব শোয়েব মালিকেরই। টি-টোয়েন্টির ক্যারিয়ার-সেরা ৭৫ রান করেছেন, তাতে অধিনায়ক আফ্রিদিকে সঙ্গে নিয়ে ওই ১৩ থেকে ১৯— এই ছয় ওভারের ঝড়ও ছিল। দুই ওভার বাকি থাকতে আফ্রিদি আউট হতেই অনিশ্চয়তা আবার ঘিরে ধরে পাকিস্তানকে, শেষ দুই ওভার আর সুপার ওভারের নাটকে যা রূপ নেয় বাস্তবে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জেমস ভিনস আর জো রুটের কল্যাণে শক্ত একটা ভিত্তি পেয়েছিল ইংল্যান্ডের ইনিংস। ইনিংসের প্রথম বলেই জেসন রয়কে হারানোর পর ভিনস-রুটের ৪৮ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল ইংল্যান্ডকে। ওভারপ্রতি ৮ করে তুলছিলেন দুজন। আফ্রিদি ‘কিপ্টেমি’ না করলে হয়তো সংগ্রহ আরও বড়ও হতে পারত। ৪ ওভারে পাকিস্তান অধিনায়ক রান দিয়েছেন মাত্র ১৯, উইকেটও নিয়েছেন দুটি।
কী ব্যাটিং, কী বোলিং— দুই দলের একের পর এক উত্থান-পতনের ক্রমাগত রোমাঞ্চ শেষে অবশ্য পরাজিত দলটির নাম পাকিস্তানই। কাল হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশই হলো তারা।
জয়-পরাজয়, প্রাইজমানি, র‍্যাঙ্কিংয়ের হিসেব এক পাশে রাখুন, এই ধরনের ম্যাচগুলোই তো ক্রিকেটের প্রতি ভালোলাগাটা ধরে রাখে সবার! তথ্যসূত্র: এএফপি।