সুপার লিগে দারুণ শুরু রূপগঞ্জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরটা সকালের দিকে এগোতেই থেমে গিয়েছিল বৃষ্টি। তবে আকাশে মেঘ ছিল। মাঠ শুকাতে কিছুটা সময় লাগল বলে খেলা শুরু হতে দেরি হলো দেড় ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্য কমে হলো ৪৫ ওভারের। কিন্তু ম্যাচটা জিততে লিজেন্ডস অব রূপগঞ্জের অত সময় লাগল না। মোহামেডানকে ৩১.৫ ওভারে ১২৮ রানে অলআউট করে দিয়ে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচ তারা জিতল ১০৪ রানের বিশাল ব্যবধানে।
৪৭ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে হামিদুল ইসলাম ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৩ রানের জুটি। মোহামেডানের ইনিংসটা এরপরই ধসে পড়ল তাসের ঘরের মতো। মাত্র ৩৮ রানে পড়ল শেষ ৭ উইকেট।
বৃষ্টি-পরবর্তী কন্ডিশনের কারণেই কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং করা ছিল কঠিন। রূপগঞ্জের ব্যাটসম্যানরাও সেটা ভালোই টের পেয়েছেন। তারপরও মোহামেডানের সামনে বাধার দেয়ালটা মন্দ তোলেননি তাঁরা, ৮ উইকেটে ২৩২ রান।
মোহামেডান বোলাররা শুরুর দিকে ভালো সুবিধাই পাচ্ছিলেন। এরই মধ্যে রূপগঞ্জের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার গড়ে ফেললেন ৮৯ রানের জুটি। প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ইনিংসের পর গত পাঁচ ম্যাচে রান পাননি সৌম্য। সর্বোচ্চ ইনিংস ছিল শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে সর্বশেষ ম্যাচের ২৯। তবে কাল শুরু থেকেই তাঁর ব্যাট ছিল আক্রমণাত্মক। মিলল রানে ফেরার আভাসও। প্রথম রানটা পেতে আট বল খেলেছেন, কিন্তু শুভাশিস রায়কে মারা সৌম্যর প্রথম স্কোরিং শটটাই ছিল বাউন্ডারি। নাঈম ইসলামের বলে বদলি ফিল্ডার ফয়সাল হোসেনের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে ৪৩ বলে করেছেন ৪০ রান। আরও তিনটি বাউন্ডারির সঙ্গে সৌম্য নিজের একমাত্র ছক্কাটি মেরেছেন নাঈম ইসলাম জুনিয়রকে।
সৌম্যর ফিরে যাওয়া ছোটখাটো একটা ধসই নামায় রূপগঞ্জের ইনিংসে। ৪০ রানের ব্যবধানে পড়ে ৫ উইকেট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট তো পড়েছে মাত্র ৭ রানের ব্যবধানে! বিপর্যয়ের এই সময়টায় রূপগঞ্জ হারায় দলের পক্ষে একমাত্র ফিফটি করা মোহাম্মদ মিঠুনকেও (৫৯)।
সাজ্জাদুল হক (২৪) ও মোশাররফ হোসেনের (৩২) ৫১ রানের ষষ্ঠ উইকেটে জুটিটা না হলে পরিস্থিতি হতে পারত আরও খারাপ। সেটা তো হয়ইনি, বরং ওই জুটিতে অনুপ্রাণিত হয়েই শেষ দিকে আক্রমণাত্মক হয়ে উঠল আলাউদ্দিন বাবু আর ভারতীয় অলরাউন্ডার পবন নেগির ব্যাট।
৪২তম ওভারের চতুর্থ বলে জুটি গড়ে দুজন একসঙ্গে ছিলেন ৪৫তম ওভারের পঞ্চম বল পর্যন্ত। রূপগঞ্জের স্কোরবোর্ডে এই সময় যোগ হয়েছে ৪১ রান। হাবিবুর রহমানের ৪৪তম ওভারেই এসেছে ১৭। তৃতীয় বলে নেগির বাউন্ডারির পর শেষ দুই বলে ছক্কা ও চার মেরেছেন আলাউদ্দিন বাবু। নেগির চার ও ছক্কায় ইনিংসের শেষ ওভারেও এসেছে ১৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫ ওভারে ২৩২/৮ (মিঠুন ৫৯, সৌম্য ৪০, মোশাররফ ৩২; নাঈম ৪/৩১, পেরেরা ২/৩৫)। মোহামেডান: ৩১.৫ ওভারে ১২৮ (হামিদুল ৩৭, মুশফিক ৩৪; নাহিদ ২/৭, আলাউদ্দিন ২/২২, নেগি ২/৩০)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।