সুপার লিগে মোহামেডান

জয়টাই দরকার ছিল মোহামেডানের। শেখ জামালের বিপক্ষে ম্যাচটা হেরে গেলে সুপার লিগের সম্ভাবনা পড়ে যেত অনিশ্চয়তার মধ্যে। মোহামেডানের সুপার লিগে ওঠার সমীকরণটা তখন জটিল হয়ে পড়ত। মোহামেডান হিসাব-নিকাশের ঝামেলায় যেতে চায়নি। মিরপুরে শেখ জামালকে সহজে হারিয়েই সুপার লিগ নিশ্চিত করেছে তারা।
আজকের জয়ে মোহামেডানের পয়েন্ট হলো ১৪। এরই মধ্যে সুপার লিগ নিশ্চিত করে ফেলা প্রাইম দোলেশ্বর ও আবাহনীর পয়েন্টও ১৪। এই তিন দলের রানরেট হিসাবে মোহামেডান উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষেই। ১৩ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া আর রূপগঞ্জের এখনো একটি করে খেলা বাকি।
বৃষ্টিভেজা মাঠের কারণে দেরিতে শুরু হওয়া আজকের ম্যাচটি নির্ধারিত হয় ৪২ ওভারে। টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের কম রানেই বেঁধে ফেলেন মোহামেডানের বোলাররা। শেখ জামালের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়েন মূলত বাঁ হাতি স্পিনার বিপুল শর্মার সামনে। ৯ ওভার বোলিং করে ১ মেডেনে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই ভারতীয় ক্রিকেটার। বিপুলের পাশাপাশি নাজমুল হোসেন, হাবিবুর রহমান, শুভাশিস রায়, নাঈম ইসলাম জুনিয়র প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট।
শেখ জামালের পক্ষে সর্বোচ্চ রান আসে মাহবুবুল করিমের ব্যাট থেকে—১৯। এ ছাড়া জাবিদ হোসেন করেন ২৮, মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ দুজনেই ২৭ রান করেন আর শফিউলের ব্যাট থেকে আসে ২৫ রান। ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার ব্যর্থতায় শেখ জামাল ১৮৭ রানের বেশি করতে পারেনি।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য বিপর্যয়ে পড়েছিল মোহামেডান। ৩৮ রানে ২ উইকেট হারানো মোহামেডানকে রক্ষা করেন মুশফিকুর রহিম, নাঈম ইসলাম আর বিপুল শর্মা। তৃতীয় উইকেটে নাঈম ইসলাম-মুশফিকুর রহিম জুটি তোলেন ৭৩ রান। নাঈমের ব্যাট থেকে আসে ৫১ (৫২ বলে ৮ চার)। চতুর্থ উইকেটে মুশফিক আরও একটি জুটি গড়ে তোলেন বিপুল শর্মার সঙ্গে। এই জুটি ৭০ রান তুলে নিশ্চিত করেন মোহামেডানের সুপার লিগ। অধিনায়ক মুশফিকুর রহিম ৬৬ রানে অপরাজিত থেকে সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। তাঁর ৮২ বলের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছয়। বিপুল শর্মার ব্যাট থেকে আসে ৩৪ রান। জামালের সেরা বোলার ছিলেন মাহমুদউল্লাহ। ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন তিনি।
এদিকে বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ের ম্যাচটি হতে পারেনি।