সুপার লিগের দৌড়ে ১০ দল!

ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল ‘প্লেয়ার্স ড্রাফটে’র পরই। শক্তিমত্তার হিসেবে উনিশ-বিশ পার্থক্যই ছিল দলগুলোর। অনুমান সত্যি করে সত্যিই জমজমাট লড়াই হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। নয়টি করে ম্যাচ খেলে ফেলার পরও কোনো দল নিশ্চিত করতে পারেনি সুপার লিগে উত্তরণ। আজ শুরু দশম রাউন্ডের আগে পয়েন্ট তালিকার শীর্ষ দল ও দশম দলের মধ্যে পার্থক্য যে মাত্র ৪ পয়েন্টের!
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা দুটি ক্লাব মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের যেমন বাদ পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তেমনি কাগজে-কলমে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা আছে ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে নয়ে ও দশে থাকা ব্রাদার্স আর কলাবাগান ক্রীড়া চক্রেরও।
এই জটিল সমীকরণ সামনে নিয়েই আজ শুরু হচ্ছে দশম রাউন্ডের খেলা। তবে কোনো কোনো দল সুপার লিগ নিশ্চিত করে ফেলতে পারে এই রাউন্ডেই। মিরপুরে গাজী গ্রুপকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করবে গতবারের রানার্সআপ দোলেশ্বর। বিকেএসপিতে মুখোমুখি হবে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে জয় ছাড়া বিকল্প নেই ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় ও সাতে থাকা ক্লাব দুটির।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠানের শরণ নিয়েছে আবাহনী। আজকের ম্যাচে খেলতে গত রাতেই ঢাকায় পৌঁছানোর কথা ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা বিস্ফোরক এই ব্যাটসম্যানের। ফতুল্লায় আজ অন্য ম্যাচটি খেলবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি ও সিসিএস।
এই রাউন্ডের বাকি তিনটি ম্যাচ হবে ৪ জুন। এদিন জিতে গেলে সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ আর ভিক্টোরিয়ারও। তবে এই রাউন্ডে দোলেশ্বর, মোহামেডান, রূপগঞ্জ ও ভিক্টোরিয়া হেরে গেলে শীর্ষ ছয় দল পেতে অপেক্ষা করতে হবে শেষ রাউন্ড পর্যন্ত। পয়েন্ট তালিকার যে জটিল অবস্থা তাতে এমনও হতে পারে যে ১০ পয়েন্ট নিয়েও কোনো দলকে খেলতে হতে পারে রেলিগেশন লিগে।