সুপার লিগের সুপার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার লিগের প্রথম দিনই ফতুল্লায় মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। কাল অনুশীলনের সময় ভিন্ন মেজাজে ক্যামেরায় ধরা পড়লেন দুই দলের খেলোয়াড়েরা l প্রথম আলো
সুপার লিগের প্রথম দিনই ফতুল্লায় মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। কাল অনুশীলনের সময় ভিন্ন মেজাজে ক্যামেরায় ধরা পড়লেন দুই দলের খেলোয়াড়েরা l প্রথম আলো

আবাহনী-মোহামেডান ম্যাচ ফতুল্লায় কেন, এ নিয়ে খোদ দুই দলের খেলোয়াড়দের মধ্যেই প্রশ্ন। মোহামেডানের এক খেলোয়াড় তো বলেই ফেললেন, ‘বোঝেন না, আম্পায়ারিং নিয়ে কিছু একটা করবে হয়তো। সে জন্যই...।’ এবারের প্রিমিয়ার লিগের প্রায় পুরোটা জুড়েই আছে আম্পায়ারিং বিতর্ক। যেটি স্মরণকালের সব ‘রেকর্ড’ ছাড়িয়ে গেছে বলেই ধারণা। এই সমালোচনার ‘মুকুট’ মাথায় নিয়ে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে শীর্ষ ছয় দলের লড়াই সুপার লিগও।
পয়েন্ট টেবিলে যে রকম টান টান উত্তেজনা, শুধু মাঠের লড়াই হিসাব করলে সুপার লিগটা জমে ওঠারই কথা। শীর্ষে থাকা দুই দল আবাহনী-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পয়েন্ট সমান। তবে মুখোমুখি লড়াইয়ে জিতে সবার ওপরে আবাহনী। সেরা ছয়ের বাকি চার দলের পয়েন্টই ১৪ করে। কাগজে-কলমে তাই ছয় দলের যেকোনোটিরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে।
প্রাইম ব্যাংক অধিনায়ক মাহমুদউল্লাহ যেমন বলছিলেন, ‘সব দলই ভালো খেলছে। আগে থেকে বলার উপায় নেই, কারা চ্যাম্পিয়ন হবে। যারা কম ভুল করবে, শেষ পর্যন্ত তারাই শিরোপা জিতবে।’ টানা ৯ ম্যাচে জেতার পর লিগ পর্বের শেষ ম্যাচে আবাহনীর কাছে হেরে যায় প্রাইম ব্যাংক। তবে অধিনায়কের আশা, বিকেএসপিতে আজ তাদের সুপার লিগটা শুরু হবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয় দিয়েই।
তামিম ইকবালের হাঁটুর চোট লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য একটা ধাক্কা হয়েই এসেছে। এ নিয়ে কথা বলতে চেষ্টা করেও পাওয়া যায়নি রূপগঞ্জ অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে কোচ মাহবুবুর রহমান তামিমকে হারিয়েও আশাবাদী, ‘তামিম আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তার অভাব তো বোধ করবই। তবে আমাদের ব্যাকআপ খেলোয়াড়েরাও ভালো। আশা করি তারা অভাবটা পূরণ করতে পারবে।’ পঞ্চম দল হয়ে সুপার লিগে উঠলেও রূপগঞ্জ কোচ এখনো শিরোপা জয়ের আশা করছেন, ‘আমরা যদি সুপার লিগের পাঁচটা ম্যাচই জিতি, অবশ্যই আমাদের সুযোগ থাকবে। তবে আপাতত আমরা প্রথম ম্যাচটা জিততে চাই।’

সুপার লিগের প্রথম দিনই ফতুল্লায় মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। কাল অনুশীলনের সময় ভিন্ন মেজাজে ক্যামেরায় ধরা পড়লেন দুই দলের খেলোয়াড়েরা l প্রথম আলো
সুপার লিগের প্রথম দিনই ফতুল্লায় মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। কাল অনুশীলনের সময় ভিন্ন মেজাজে ক্যামেরায় ধরা পড়লেন দুই দলের খেলোয়াড়েরা l প্রথম আলো

আবাহনী-মোহামেডান ম্যাচের আগের সেই মাহাত্ম্য না থাকলেও একটা কিছু তো এখনো আছেই। তার ওপর এবার যেখানে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আবাহনীর অধিনায়ক জিয়াউর রহমানও সেটিই বললেন, ‘এখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে হলে ভালো খেলার বিকল্প নেই।’ সুপার লিগ নিয়ে চিন্তাটাও অনুমিতই, ‘পুরো লিগে আমরা যেভাবে খেলে এসেছি, সুপার লিগটাও সেভাবে খেলতে চাই। আমাদের সামর্থ্য আছে। এখন মাঠে প্রমাণ করার পালা।’ ২০১০-১১ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা জেতার পর এবার আবারও শিরোপার স্বপ্ন দেখছে ধানমন্ডির এই ক্লাব।
ছয় নম্বরে থেকে সুপার লিগে ওঠা মোহামেডান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অত উচ্চাভিলাষী চিন্তা নেই। দল তিন-চার নম্বরে থেকে লিগ শেষ করতে পারলেই তিনি খুশি। তবে সুপার লিগের শুরুটা করতে চাচ্ছেন চিরশত্রুদের হারিয়ে, ‘আমাদের খুব বেশি তারকা ক্রিকেটার নেই। তবে আমাদের খেলোয়াড়েরা অভিজ্ঞ, সেটাই আসল। আর এই দল নিয়ে আমরা প্রথম পর্বে রূপগঞ্জের মতো দলকেও হারিয়েছি।’
পয়েন্ট তালিকায় মুশফিকুর রহিমের প্রাইম দোলেশ্বর আছে চতুর্থ স্থানে। শিরোপার স্বপ্ন তাই ওভাবে দেখছেন না মুশফিকও। তবে এখনো যেহেতু পাঁচটা ম্যাচ বাকি, আশাবাদী হতে দোষ কী! ‘দুটি দল হয়তো একটু এগিয়ে। বাকি চার দলের পয়েন্টই ১৪ করে। আমরা যদি ওদের এক-দুটো ম্যাচে হারাতে পারি, তাহলে পয়েন্ট টেবিলে অনেক ওলটপালট হতে পারে’—কাল মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের বলছিলেন মুশফিক।
সুপার লিগের প্রথম দিনে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের দল মুখোমুখি হবে কলাবাগান ক্রিকেট একাডেমির। তাদের প্রতি সমীহই দেখাচ্ছেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক, সঙ্গে বলেছেন, ‘আমাদের দলও ভালো। লিগে আমরা অনেকেই হয়তো অত ভালো খেলতে পারিনি। কিন্তু সুপার লিগে ভালো করার সুযোগ আছে। এই পাঁচ ম্যাচে ভালো খেললে যেকোনো কিছু হতে পারে।’ আত্মবিশ্বাসের কমতি নেই কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক এনামুল হকের (বিজয়) কণ্ঠেও, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল। চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন হলেও প্রথম ম্যাচে জিততে পারলে অনেক রকম সম্ভাবনাই তৈরি হতে পারে।’
সুপার লিগ তাই উত্তেজনার ডালা সাজিয়েই আসছে। তবে বিতর্ক এবারের লিগটাকে যেভাবে ঘিরে আছে, সুপার লিগের উত্তেজনায় নতুন কী ঘটে কে জানে!