সুপার সিক্সে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম বদলে যেন বদলে গেছে পারফরম্যান্সও। গাজী ট্যাংকের নাম এখন লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের কর্ণধার তাঁর স্বপ্নের নাম পেয়েছেন, তবে মাঠের ক্রিকেটে মুখোমুখি এখন দুঃস্বপ্নের। বর্তমান চ্যাম্পিয়নদের এবার সুপার সিক্সে ওঠাই অনিশ্চিত। প্রথম পাঁচ ম্যাচ জেতা দল টানা চার ম্যাচ হেরে এখন পয়েন্ট টেবিলের ছয়ে। মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে দলটি ফতুল্লায় মুখোমুখি হচ্ছে চারে থাকা প্রাইম দোলেশ্বরের।
দুদিন বিরতির পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ দুই রাউন্ডও শুরু হচ্ছে আজ। সুপার লিগ প্রায় নিশ্চিত করে ফেলতে পারে আজ মোহামেডানও। বিকেএসপিতে ঐতিহ্যবাহী দলটির প্রতিপক্ষ লিগে ধুঁকতে থাকা পারটেক্স। দশম রাউন্ডের প্রথম দিনে আজ আরেক ম্যাচে মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস। একটিও ম্যাচ জিততে না পারা ডিওএইচএসকে আজ হারালে রেলিগেশন থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে শেখ জামাল।
কাগজ-কলমে এখন পর্যন্ত সুপার সিক্স নিশ্চিত করতে পেরেছে কেবল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার সিক্সের চূড়ান্ত সুরাহা না হতে পারে আজ-কালও। তবে এই রাউন্ড শেষে অনেকটাই পরিষ্কার হবে ছবি। দুইয়ে থাকা আবাহনীর বাকি দুই ম্যাচই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে—আগামীকাল কলাবাগান ক্রিকেট একাডেমি, ১৫ ডিসেম্বর শীর্ষে থাকা প্রাইম ব্যাংক। ক্রিকেট একাডেমির আরেকটি ম্যাচ ভিক্টোরিয়ার সঙ্গে। আজ রূপগঞ্জের কাছে যদি হেরেও যায় দোলেশ্বর, তবু টিকে থাকবে সম্ভাবনা। তাদের শেষ ম্যাচ তলানির দল পারটেক্সের বিপক্ষে। এমনকি অঙ্কের হিসাবে আশা ফুরিয়ে যায়নি পয়েন্ট টেবিলের আটে থাকা ব্রাদার্সেরও। সব মিলিয়ে প্রথম পর্বের শেষ দিকে এসে দারুণ জমে উঠেছে লড়াই।
পয়েন্ট টেবিল প্রিমিয়ার লিগ
ম্যাচ জয় হার পয়েন্ট
প্রাইম ব্যাংক ৯ 8 ১ ১৬
আবাহনী ৯ ৭ ২ ১৪
কলাবাগান একাডেমি ৯ ৭ ২ ১৪
প্রাইম দোলেশ্বর ৯ ৬ ৩ ১২
মোহামেডান ৯ ৫ ৪ ১২
রূপগঞ্জ ৯ ৫ ৪ ১০
ভিক্টোরিয়া ৯ ৫ ৪ ১০
ব্রাদার্স ৯ ৪ ৫ ৪
শেখ জামাল ৯ ৩ ৬ ৬
কলাবাগান ক্রীড়া চক্র ৯ ২ ৭ ৪
পারটেক্স ৯ ২ ৭ ৪
ওল্ড ডিওএইচএস ৯ ০ ৯ ০