সুপার সিক্সের কাছে রুমানারা
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে শুরু করলেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে যায় বাংলাদেশ। কাল কলম্বো ক্রিকেট ক্লাবে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচে দুই জয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রাখলেন রুমানারা।
বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ড অলআউট ১৪০ রানে। প্রথম উইকেটটি পেসার পান্না ঘোষ এনে দিলেও স্কটল্যান্ডের পরের ৮ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার। সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন রুমানা আহমেদ।
ছোট লক্ষ্য পেরোতে গিয়ে ৩২ রানে ২ উইকেট হারিয়ে একটা ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ৩৬ রান যোগ করে সেটি সামাল দেন শারমিন আক্তার-ফারজানা হক। তবে বাংলাদেশকে জয়ের প্রান্তে নিয়ে গেছে আসলে চতুর্থ উইকেটে ফারজানা-রুমানার ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫৩ রানে অপরাজিত থাকেন ফারজানা, রুমানা অপরাজিত ৩৮ রানে।
ওয়ানডে স্বীকৃতি না পাওয়া পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে যতই ভালো করুন রুমানারা, সেটি যোগ হবে না রেকর্ড বইয়ে। তা না হোক, ছন্দটা ওয়ানডে মর্যাদা পাওয়া দলগুলোর সঙ্গে কাজে লাগাতে পারলেই ভালো।
আজ পি সারা ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।