সুমাথিপালার বিরুদ্ধে তদন্ত চান রানাতুঙ্গা
সিরিজের প্রথম টেস্টে ৩০৪ রানে হারের পর দ্বিতীয় টেস্টেও ভারতের কাছে ইনিংস ও ৫৩ রানে হেরেছে শ্রীলঙ্কা। এর আগে নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে দুর্বল জিম্বাবুয়ের কাছে। তারও আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান ক্রিকেটে আসলেই যেন শনির দশা চলছে। এই দুর্দশার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাকে দায়ী করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সুমাথিপালার বিরুদ্ধে তদন্তের জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সুমাথিপালার সঙ্গে অবশ্য রানাতুঙ্গার রাজনৈতিক বিরোধটা পুরোনো। ৫৩ বছর বয়সী রানাতুঙ্গার দাবি, সুমাথিপালা নিজেই জুয়ার সঙ্গে জড়িত। দেশটির ক্রিকেটের দুর্দশার জন্য এসএলসি-প্রধানকে দায়ী করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক, ‘দলে যথার্থ শৃঙ্খলা নেই। ক্রিকেটারদের দায়ী করে লাভ নেই। আগে তো বোর্ডের কর্মকর্তাদের ঠিক করতে হবে।’ সুমাথিপালার বিরুদ্ধে আইসিসির তদন্ত দাবি করে রানাতুঙ্গা বলেছেন, ‘এসব লোকের নৈতিকতা মানদণ্ড অনুযায়ী কতটা আছে, সেটা দেখার সাহস আইসিসির আছে কি না আমি সেটি দেখতে চাই।’ ডিএনএ ইন্ডিয়া।