সুযোগ পেলেন মুশফিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে একাদশে সুযোগ পেলেন মুশফিকুর রহিম। তাঁর দলে আসার দিনে ভাগ্যও ফিরে পেল করাচি। টানা তিন হারের পর পাকিস্তান ক্রিকেট লিগে আবারও জয় পেল সাকিব-মুশফিকের দল করাচি কিংস। কাল দুবাইয়ে লাহোর কালান্দার্সকে ২৭ রানে হারিয়েছে দলটি।
মুশফিক অবশ্য নজরকাড়া কিছু করে দেখাতে পারেননি। ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। রান পাননি সাকিবও, আউট হয়েছেন ৯ বলে ৯ রান করে। তবে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার অলরাউন্ড নৈপুণ্যে (৪৩ বলে ৭১ রান ও ১৬ রানে ৬ উইকেট) জিতেছে করাচি।
পিএসএলে দুর্দান্ত ফর্ম গতকালও দেখালেন তামিম। ৬টি চার ও ৩টি ছয়ে ৫৮ বলে ৮০ করে কাল পেশোয়ারকে জিতিয়েছেন ইসলামাবাদের বিপক্ষে। ক্রিকইনফো।