
সুযোগ বারবার আসে না!
কিন্তু কাল পোর্ট এলিজাবেথে সুযোগ এসে বারবারই পায়ে লুটাল ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিয়ানরাও কম যায়নি, বারবারই পায়ে দলেছে সুযোগ। সেসব হারানোর মূল্যও দিয়েছে দলটি। চার-চারবার বেঁচে গিয়ে ডিন এলগার ও ফ্যাফ ডু প্লেসি রেকর্ড জুটি গড়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটাকে নিজেদেরই করে নিয়েছেন। ৪৮ রানে স্টাম্পিং ও ৭৩ রানে রানআউট থেকে বেঁচে যাওয়া এলগার শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ১২১ রান করে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা এই ওপেনার দ্বিতীয় উইকেটে ডু প্লেসির সঙ্গে যোগ করেছেন ১৭৯ রান। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বড় জুটি এটিই। ৮ ও ২৬ রানে দুবার জীবন পাওয়া ডু প্লেসিও দাঁড়িয়ে আছেন সেঞ্চুরির দোরগোড়ায়। দিন শেষে ৯৯ রানে অপরাজিত ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে করেছে ২৭০ রান।
দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেটটি হারায় দিনের দ্বাদশ ওভারে। উইকেটটা ক্যারিবীয়দের উপহারই দিয়েছেন আলভিরো পিটারসেন। শ্যানন গ্যাব্রিয়েলের করা নিরীহ শর্ট বলটা বেরিয়ে যাচ্ছিল অনেক বাইরে দিয়েই। দক্ষিণ আফ্রিকান ওপেনার বলটাকে তাড়া করে ক্যাচ দিলেন কাভারে। এরপরই সুযোগ কাজে লাগিয়ে এলগার-ডু প্লেসির ওই জুটি।
মেঘলা আকাশের নিচে প্রথম সেশনে মাত্র ৬৮ রান দেওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম সুযোগ হারায় লাঞ্চের পর চতুর্থ ওভারে। জেরোম টেলরের বলে খোঁচা মেরে গালিতে ক্যাচ উঠিয়েও মারলন স্যামুয়েলসের বদান্যতায় বেঁচে যান ডু প্লেসি। ৮ ওভার পর সুলিমান বেনের বলে ডু প্লেসির ক্যাচটা স্লিপে ধরতে পারেননি ডেভন স্মিথ। বেনকে হতভম্ব করে ঠিক পরের বলেই এলগারকে স্টাম্পড করার সুযোগ হারালেন দিনেশ রামদিন। এরপর ৭৩ রানে দাঁড়িয়ে অসম্ভব এক রান নিতে গিয়ে প্রায় আউটই হয়ে গিয়েছিলেন এলগার। মিড উইকেট থেকে ছোড়া বলটা যখন নন-স্ট্রাইকিং প্রান্তের উইকেট মিস করল, এলগার তখন মাঝ পিচে।
এর আগে নির্বাসন থেকে ফেরার পর ৮৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ উঠেছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃঞ্চাঙ্গ স্পেশালিস্ট ব্যাটসম্যান টেম্বা বাভুমার মাথায়। ক্রিকইনফো।