সুযোগ পাচ্ছেন না জুবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেন
জুবায়ের হোসেন

জুবায়ের হোসেনকে পাওয়া গেল জামালপুরে। মুঠোফোনের অপর প্রান্তে ব্যস্ততা, ‘ভাই, আমি তো একটু বাসায় আসছি...জামালপুরে। ২১-২২ তারিখে চলে আসব।’ তা জুবায়েরকে ওই সময়ে ঢাকায় আসতেই হবে। ২৪ ডিসেম্বর থেকে যে শুরু হয়ে যাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ!
হ্যাঁ, নিয়মরক্ষা করে সুপার লিগের ম্যাচেও আবাহনীর তাঁবুতে থাকবেন লেগ স্পিনার জুবায়ের। কিন্তু তাঁর বিচরণ হয়তো সীমাবদ্ধ থাকবে ড্রেসিংরুমেই। এমন সম্ভাবনা দেখার একটাই কারণ। আন্তর্জাতিক ক্রিকেটে নেমেই সাফল্যের মুখ দেখা তরুণ এই লেগ স্পিনার যে ব্রাত্য হয়ে আছেন প্রিমিয়ার লিগের দল আবাহনীতে! মাঠে নামা বলতে দুটি ম্যাচে বিকল্প ফিল্ডারের ভূমিকায়। জিম্বাবুয়ে সিরিজে অমন ভালো বল করার পরও খেলা হয়নি সিরিজ শেষে হওয়া প্রথম পর্বের চারটি ম্যাচের একটিতেও। সুপার লিগের ম্যাচে আবাহনীর একাদশে তাঁর জায়গা হবে, এই আশা জুবায়েরও করেন কি না কে জানে!
মুঠোফোনে কথা শুনে মনে হলো, জুবায়ের নিজেও মেনে নিচ্ছেন বাস্তবতা, ‘যারা খেলছে, ভালো খেলছে। দলও জয়ের মধ্যে আছে। হয়তো সে কারণেই সুযোগ পাচ্ছি না। দল উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না।’ আবাহনীর কোচ সরওয়ার ইমরানের ব্যাখ্যাও অনেকটা এ রকমই, ‘একাদশ নির্বাচনের সময় কিছু বিষয় মাথায় রাখা হয়। হয়তো সেসবে ও (জুবায়ের) আসছে না। প্রতি ওভারে দুই-একটা লুজ বল (বাজে বল) দেয় ও। এটা ঠিক হয়ে গেলে ওয়ানডেতেও জুবায়ের ভালো বোলার হয়ে যাবে।’
সরওয়ার ইমরান যে যুক্তিটা দিলেন সেটাকে অবশ্য তাঁর বক্তব্যের বিপক্ষেও ব্যবহার করা যায়। একজন লেগ স্পিনার ওভারে দু-একটা বাজে বল দেবেই এবং সে সমস্যা কাটিয়ে ওঠার জন্যই তাকে বেশি বেশি ম্যাচ খেলাতে হবে। যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই পরিণত হয়ে উঠবে সে। তবে এটাও ঠিক যে ক্লাব পর্যায়ের একটা দল কোনো ক্রিকেটারকে পরিণত করে তোলার দায়িত্ব নেবে না। শিরোপার কথা মাথায় রেখে ম্যাচ জেতার সমীকরণকেই তারা প্রাধান্য দেবে। সরওয়ার ইমরান যেমন বলছিলেন, ‘আমার দলে দুজন বাঁহাতি স্পিনার আছে। এর মধ্যে কোনো কোনো ম্যাচে সাকলাইনও বোলিং পায়নি।’
বিশ্বকাপের চূড়ান্ত দল গড়তে গিয়ে জুবায়ের হোসেনকে নিয়ে তাই একটু সমস্যায়ই পড়তে হতে পারে নির্বাচক কমিটিকে। জুবায়েরকে দলে রাখার পরিকল্পনা খুব ভালোভাবেই আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আর দুই ওয়ানডেতে ৪ উইকেট-শুধু এসবের ওপর নির্ভর করে নিশ্চয়ই বিশ্বকাপের দলে কাউকে নেওয়া যায় না। ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপার আছে, আছে সাম্প্রতিক ফর্ম দেখার বিষয়ও। জুবায়েরের ক্ষেত্রে সেসব দেখার সুযোগ না পাওয়াটাকে সমস্যাই মনে করছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘একজন লেগ স্পিনার যত বেশি ম্যাচ খেলবে ততই সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সে জন্যই জুবায়েরের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলাটা জরুরি ছিল বেশি। তবে এটাও ঠিক, তাকে খেলাবে কি খেলাবে না, সেটা সম্পূর্ণ সংশ্লিষ্ট ক্লাবের ব্যাপার।’
জুবায়েরকে দেখার জন্য এখন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপ-অনুশীলনের প্রস্তুতি ম্যাচগুলোই সম্বল নির্বাচকদের। জুবায়েরের মতো তরুণ ক্রিকেটারদের একটা পরামর্শও দিয়েছেন ফারুক, ‘শুধু বড় দলে খেলার কথা চিন্তা করলেই হবে না। কোন দলে গেলে খেলার সুযোগ পাওয়া যাবে, দলবদলের সময় সেটাও মাথায় রাখা উচিত।’ ভবিষ্যতে হয়তো অগ্রজ এই ক্রিকেটারের কথা মনে রাখবেন জুবায়ের। তবে এবারের প্রিমিয়ার লিগটা সুপার লিগের আগ পর্যন্ত তাঁর জন্য কেবলই আফসোসের, ‘খেলতে তো ইচ্ছে করেই। সুযোগ পেলে হয়তো ভালো কিছুই করতাম। কিন্তু কিছু করার নেই...বাস্তবতা মেনে নিতেই হবে।’