সুর বদলে গেছে আফ্রিদির

শিক্ষকের পিটুনি খেয়ে একেবারে সুবোধ বালক বনে গেছেন শহীদ আফ্রিদি। না, না...আফ্রিদি কারও হাতে মার খাননি। তবে অধিনায়কত্ব নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড-প্রধান শাহরিয়ার খান যেভাবে ধুয়ে দিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডারকে, তা মারের চেয়ে কম কী! পরদিনই তাই শহীদ আফ্রিদি বললেন, ২০১৫ বিশ্বকাপে অধিনায়কত্বের জন্য মিসবাহই নাকি সেরা পছন্দ!
আফ্রিদি অবশ্য চাইলে বলতে পারেন, আমি তো একবারও বলিনি আমাকে অধিনায়কত্ব দাও! তা তিনি বলেননি ঠিকই, তবে পরোক্ষভাবে ঠিকই বুঝিয়ে দিয়েছিলেন, সুযোগ পেলে তিনি অধিনায়কত্ব করতে রাজি। বিশ্বকাপে মিসবাহ না তিনি অধিনায়ক, সেটি এখনই পরিষ্কার করার দাবি তোলার অর্থ তো তা-ই। আফ্রিদির ওই কথায় পিসিবি-প্রধানের ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছে, সম্ভবত তাতেই ঘাবড়ে গিয়ে আফ্রিদি এখন বলছেন, ‘আমাকে শুরুতেই বলতে দিন, ২০১৫ বিশ্বকাপে অধিনায়কত্বের জন্য মিসবাহই সেরা পছন্দ। আমি যখনই তাঁর অধীনে খেলেছি, সব সময়ই তাকে সর্বোচ্চ সমর্থন জুগিয়েছি। ঠিক যেভাবে আমি পাকিস্তানের অধিনায়কত্ব করার সময় সে করেছিল।’
পাকিস্তানের অধিনায়কত্বে যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ প্রহর কাটাতে হয়, তা ক্রিকেট-বিশ্বে সর্বজনবিদিতই। সেই কঠিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আফ্রিদি জানালেন নেতৃত্বে তাঁর অনীহার কথাও, ‘এরই মধ্যে পাকিস্তানকে কয়েকবার নেতৃত্ব দেওয়ার গর্ব ও সম্মান আমি পেয়েছি। বিশ্বাস করুন, এটা মোটেও ফুলশয্যা নয়। মিসবাহসহ যারাই আমরা পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছি, সবাই এটা জানি। শুধু ওই মর্যাদার চেয়ে বেশি কিছু আমরা পাইনি; খুব কমই ফুলের তোড়া এসেছে, তবে বেশির ভাগ সময়ই ঢিলই প্রাপ্য হয়েছে আমাদের।’
চার মাস বাদেই বিশ্বকাপ। দল পার করছে কঠিন সময়। এমন সময় অধিনায়কত্ব-বিতর্ক উসকে দিয়ে দুঃসময়কে হয়তো আর প্রলম্বিত করতে চাইছেন না আফ্রিদি, ‘আমি এর আগেও বলেছি এবং আবারও পুনরাবৃত্তি করছি, আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করে যাব এবং মিসবাহকে সাধ্যমতো সহযোগিতা করব। এ বিষয়ে এটাই আমার শেষ বিবৃতি।’ ক্রিকইনফো।