সুশান্তর মৃত্যুরহস্য: কঙ্গনার পাশে মনোজ তিওয়ারি

এক মাসেরও বেশি হয়ে গেছে সুশান্ত সিং রাজপুত অন্যলোকে চলে গেছেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে শুরু থেকেই পুলিশের বিবৃতিতে আত্মহত্যার কথা বলা হচ্ছে। কিন্তু সেটি আসলেই আত্মহত্যা নাকি তাঁকে খুন করা হয়েছে, সেটি নিয়ে আছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃতদেহের বিভিন্ন ছবি দিয়ে সেটিকে খুন প্রমাণ করার চেষ্টাও হয়েছে।
খুন না হয়ে যদি আত্মহত্যাই হয়ে থাকে, তবে সেই আত্মহত্যার নেপথ্যের কারণ নিয়ে তোলপাড় বলিউড। জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত সুশান্তর মৃত্যুর পর থেকেই এ নিয়ে সরব। তাঁর দাবি, ভারতের চলচ্চিত্রজগতের অনেক প্রভাবশালী ব্যক্তি সুশান্তর ক্যারিয়ার শেষ করে দেওয়ার পণ নিয়ে নেমেছিলেন। যেটি নিয়ে কঙ্গনার লড়াইকে ‘কঙ্গনা বনাম বাকিরা’ নামও দেওয়া হচ্ছে। আর এ লড়াইয়ের আঁচ গিয়ে পড়ছে ভারতের ক্রিকেট জগতেও। এ লড়াইয়ে কঙ্গনার পাশেই দাঁড়িয়েছেন ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি।
গত ১৪ জুন মাত্র ৩৪ বছর বয়সেই মারা যান সুশান্ত। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় আত্মহত্যা। অর্থ, যশ, খ্যাতি—সবকিছুর চূড়ায় থাকার পরও এত অল্প বয়সে একজন প্রতিশ্রুতিশীল তরুণের আত্মহত্যা স্বাভাবিকভাবেই সাড়া ফেলে সবার মনোজগতে। কিন্তু এরপর থেকেই সুশান্তর মৃত্যুকে ঘিরে বলিউডের নোংরা রাজনীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আসতে থাকে। এ নিয়ে শুরু থেকেই সরব কঙ্গনা রনৌত সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তর মৃত্যুর পেছনে বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর, পরিচালক আদিত্য চোপড়াসহ অনেককে দায়ী করেন।
কঙ্গনার বক্তব্যও সাড়া ফেলেছে চারদিকে। কেউ তাঁর পক্ষে, কেউ বা বিপক্ষে। ক্রিকেটার মনোজ তিওয়ারি দাঁড়িয়েছেন কঙ্গনার পাশে। ভারতের জার্সিতে ১২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা ৩৪ বছর বয়সী পশ্চিম বাংলার ক্রিকেটার দুই অংশের টুইটে প্রথমে লিখেছেন, ‘কঙ্গনা রনৌতকে তাঁর বক্তব্যের জন্য যাঁরা আক্রমণ করছেন, তাঁরা আসলে ভেতরে-ভেতরে নিজেরা কেমন মানুষ সেটাই প্রকাশ করে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, যখন কর্ম (প্রকৃতির বিচার) পাল্টা আঘাত করে, সেটা কোনো পূর্বঘোষণা ছাড়াই আঘাত করে। আপনার যা প্রাপ্য, সেটাই পাবেন তখন। তাই নিজেদের প্রস্তুত রাখুন, কর্ম আপনাদের জন্য আসছে।’
সুশান্তর মৃত্যু নিয়ে লড়াইয়ে কঙ্গনার পাশে দাঁড়িয়ে টুইটের পরের অংশে তিওয়ারি মনে করিয়ে দিয়েছেন সুশান্তের মৃত্যুর জন্য ন্যায়বিচারের কথা, ‘কঙ্গনা বনাম বাকিদের এই লড়াই চিরকালই চলবে। কিন্তু আশা করি, আসল ব্যাপারটা থেকে মনোযোগ এতে সরে যাবে না। কঙ্গনা প্রকাশ্যে তাঁর কথাগুলো বলার পর থেকে মানুষ খুব সহজেই ঘুম থেকে উঠেই কঙ্গনার সমালোচনা করে। যদি তাঁকে সমর্থন না করতে পারে, তাহলে তাঁরা চুপ করে কেন বসে থাকছে না?’
পরে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ইন্ডিয়া ওয়ান্টস সুশান্ত ট্রুথ।’ সুশান্তর মৃত্যুর আসল রহস্য জানতে চায় পুরো ভারতই।