সুস্থ আছি, ভক্তদের আশ্বস্ত করলেন লারা

>সুস্থ হয়ে উঠেছেন ব্রায়ান লারা। বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। তবে দ্রুতই সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, তেমন কিছুই তাঁর হয়নি।
বিশ্বকাপের ডামাডোলের মাঝে হঠাৎ একটা সংবাদে ভীত হয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রায়ান লারা। তাঁর বয়সটা এমন, এ সময়ে ‘চেস্ট পেইন’-এর খবর এলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শঙ্কিত তো হবেই। তবে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সমর্থকদের আশ্বস্ত করেছেন এই ক্রিকেট কিংবদন্তি। বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই।
টুইটারে লারা লিখেছেন, ‘সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই আমার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। আমার মনে হয় আজ (গতকাল) সকালে একটু বেশিই জিম করে ফেলেছিলাম, যে কারণে বুকের ব্যথা হয়। তাই ভাবলাম, ডাক্তার দেখিয়ে আসা উচিত।’
হাসপাতালে গিয়ে নিশ্চিন্তে কালকের ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন বলেও জানিয়েছেন, ‘আমি হাসপাতালে গেছি ঠিকই, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মজাই করেছি! বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমি এখন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা উপভোগ করছি। আশা করছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আটকে দেবে। আমি ভালো আছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, আশা করছি আগামীকালের মধ্যে আমার হোটেল রুমে ফিরে যেতে পারব।’
সবার মতো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন ব্রায়ান লারাও । ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে আইপিএলের ধারাভাষ্যের পর বিশ্বকাপেও ধারাভাষ্য করছিলেন এই ক্রিকেটার। মুম্বাইয়ের এক স্টুডিও থেকে প্রচারিত হয় এই বিশেষ ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠান, যেখানে লারার বিশ্লেষণ বিশেষ নজর কেড়েছে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু কাল সকালেই অঘটন। হঠাৎই বুকের ব্যথা শুরু। আর তাতেই ভর্তি হতে হলো মুম্বাইয়ের একটি হাসপাতালে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ‘দুই বছর আগে তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো হয়েছিল। আজ (গতকাল) নিয়মিত চেক আপ করানো হয়েছে। কারণ সব সময়ই বুকের ব্যথার ভয় থাকে। তিনি ভালো আছেন এবং দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত কয়েক দিন কোনো টিভি শুটিং করেননি লারা।’
টেস্ট ম্যাচে এক ইনিংসে ৪০০ রান করার অনন্য কীর্তির মালিক লারা অনেকের চোখেই সর্বকালের সেরাদের একজন। ১৩১ টেস্টে এই ব্যাটসম্যানের গড়টাও ঈর্ষণীয়। ৫২.৮৯ গড় নিয়ে করেছেন ১১ হাজার ৯৫৩ রান।