সেই অস্ট্রেলিয়াই স্লেজিংয়ের বিপক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ অ্যাশেজে ক্লার্ক ও অ্যান্ডারসনের বাগ্‌যুদ্ধ। ছবি-এবিসি অস্ট্রেলিয়া
২০১৩ অ্যাশেজে ক্লার্ক ও অ্যান্ডারসনের বাগ্‌যুদ্ধ। ছবি-এবিসি অস্ট্রেলিয়া

স্লেজিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে খ্যাতি আছে তাঁদের। কত কত ম্যাচে মাঠে নামার আগেই স্রেফ কথার তিরে প্রতিপক্ষকে কাবু করে ফেলেছে অস্ট্রেলিয়ানরা। অথচ সেই অস্ট্রেলিয়ান দুই সাবেক খেলোয়াড়ের মুখে এমন কথা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ানরা স্লেজিং করুক, এমনটা চান না মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হাডিন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজেই খেলেছেন ক্লার্ক ও হাডিন। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওই সিরিজে দুই দলের কথার লড়াই বেশ জমে উঠেছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে সিরিজ শেষে এক দল অন্য দলের ড্রেসিং রুমে গিয়ে যে সৌজন্যসূচক বিয়ার পান করবে, সেই অবস্থাও আর ছিল না।
এবার অবশ্য ক্লার্ক নেই, হাডিনও না। দুজনেই এখন সাবেক হয়ে গেছেন। তবে নিজেদের সময়ে তাঁরা যে ভুল করেছেন সেটি উত্তরসূরিদের না করতে পরামর্শ দিলেন ক্লার্ক। সিরিজ সামনে রেখে ক্রিকইনফোর সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘আপনার জন্য যেটা স্বস্তিদায়ক, আপনার সেটাই করা উচিত। যদি স্লেজিং ব্যাপারটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে না যায়, তাহলে জোর করে করা উচিত না।’
কিন্তু ক্লার্ক নিজেও তো বেশ কয়েকবার প্রতিপক্ষকে খুব কড়া স্লেজিং করেছেন। সেগুলো তাহলে কেন করেছিলেন? এই ব্যাখ্যাও দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘হ্যাঁ, আমিও কয়েকবার এটা করেছি। জেমস অ্যান্ডারসনকে একবার করেছিলাম, কারণ সে আমাদের জর্জ বেইলির পেছনে লেগেছিল। আর একবার ডেল স্টেইনকে করেছিলাম, কারণ সে জেমস প্যাটিনসনকে পেয়ে বসেছিল।’
স্লেজিং নিয়ে প্রায় একই ধরনের মত দিয়েছেন ক্লার্কের এক সময়ের ডেপুটি ব্র্যাড হাডিনও। তার মতে, ‘কখনো কখনো কথা-পাল্টা কথা, এগুলোতে বেশি মনযোগ দিতে গেলে খেলার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’
ক্লার্ক-হাডিনরা এসব বলার আগেই অবশ্য দুই দলের কথার লড়াই শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তো মাঠে নামার আগেই রীতিমতো তোপ ছুড়ছেন দক্ষিণ আফ্রিকানদের দিকে। দেখা যাক পূর্বসূরিদের পরামর্শে তারা কিছুটা শান্ত হন কি না!