সেই অস্ট্রেলিয়ার হয়ে মুরালির শ্রীলঙ্কাকে অপমান!

রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই। সেটার সঙ্গে এখন যোগ করা যায়—ক্রিকেটেও শেষ কথা বলে কিছু নেই। নইলে যে অস্ট্রেলিয়ার জন্য মুত্তিয়া মুরালিধরনের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল, তাদের জন্য মুরালি এখন শ্রীলঙ্কার ‘শত্রু’ হয়ে যেতে পারেন! ব্যাপারটা তো আসলে কল্পনা করাও কঠিন। কিন্তু ঘটনা সে রকমই। মুরালির বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যানেজারকে অপমান করার অভিযোগ এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)! এরই মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের (সিএ) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে শুরু আজ। তবে ঘটনাটা তিন দিন আগের। এই সিরিজেই অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন মুরালি। তিন দিন আগে স্মিথদের নিয়ে গিয়েছিলেন পাল্লেকেলের মাঠে। কিন্তু টেস্টের আগে অনুশীলনের ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকে। পাল্লেকেলের গ্রাউন্ডসম্যানরা সেটিই মনে করিয়ে দিয়েছিলেন মুরালিকে।
কিন্তু শ্রীলঙ্কান কিংবদন্তি সেটা মানতে রাজি হননি। একদফা অপমানও করেছেন মাঠকর্মীদের। পরে শ্রীলঙ্কার ম্যানেজার চারিথ সেনানায়েকের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে মুরালির। শ্রীলঙ্কার বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার দাবি এমনই, ‘সে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের অনুশীলনের সময়সীমাও লঙ্ঘন করেছে। এরপর আমাদের ম্যানেজারকেও সে অপমান করেছে।’ শ্রীলঙ্কা দলের ম্যানেজারকে অপমান করা তো এক অর্থে শ্রীলঙ্কাকেই অপমান করা। এখানে তো স্বার্থটা ব্যক্তিগত নয়; জাতীয় দলকেন্দ্রিক!
ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। সুমাথিপালা ব্যাপারটা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকেও জানিয়েছেন, ‘মুরালিধরনের ব্যবহার একদমই অগ্রহণযোগ্য। আমরা এটা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। এটা কোনোভাবেই হওয়া উচিত হয়নি। আমরা খুবই হতাশ।’ মুরালি অবশ্য এরপর আর কিছু জানাননি।
তবে মুরালিকে নিয়ে বিতর্কের শুরু আরও আগে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শক হওয়ার দায়িত্ব নিয়েছেন সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি। মুরালিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গিয়েছিল তুমুল সমালোচনা। শেষ পর্যন্ত ইউটিউবে ভিডিও পোস্ট করে আত্মপক্ষ সমর্থন করেছিলেন মুরালি, ‘আমি বিশ্বাসঘাতক নই। শ্রীলঙ্কা আমাকে প্রস্তাব দেয়নি, সে জন্য আমি অস্ট্রেলিয়ানদের সঙ্গে কাজ করেছি। আমি পেশাগতভাবে শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
অথচ এই অস্ট্রেলিয়ায় গিয়ে মুরালিকে কম ভুগতে হয়নি। এই অস্ট্রেলিয়াতেই শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনারকে নো বল ডেকেছিলেন অস্ট্রেলিয়ারই দুই আম্পায়ার। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড পর্যন্ত সরাসরি মুরালিধরনকে ‘চাকার’ বলেছিলেন। সুমাথিপালা সেটা মনে করিয়ে দিয়ে একটা খোঁচাই যেন দিলেন, ‘পেশাগতভাবে ও যেকোনো দলের সঙ্গেই কাজ করতে পারে। কিন্তু মজাটা হচ্ছে, যারা একসময় ওকে ক্রিকেট থেকে বের করে দিতে চেয়েছিল, মুরালি এখন এই অস্ট্রেলিয়ারই পক্ষে কাজ করছে। সমর্থকদের মধ্যে ওর বড় একটা ক্ষতি হয়ে গেল।’