সেই অ্যান্ডারসনেই শেষ অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসে উইকেটই পাননি। সেই জেমস অ্যান্ডারসনই এজবাস্টনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে l এএফপি
লর্ডসে উইকেটই পাননি। সেই জেমস অ্যান্ডারসনই এজবাস্টনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে l এএফপি

লর্ডসে উইকেট পাননি। ৫৯ টেস্ট পর একটি ম্যাচ উইকেটশূন্য গেল, তাতেই সমালোচনার সব তির ছুটে গেল তাঁর দিকে। যেন হারের দায়টা একা তাঁরই! সতীর্থরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন, জেমস অ্যান্ডারসন নিজে কিছুই বলেননি। এমনকি মার্ক ওয়াহ যখন বললেন, ‘লর্ডসে অ্যান্ডারসনকে দেখে মনেই হয়নি সে ম্যাচে আছে’, তখনো না।
জবাবটা মুখে নয়, বল হাতে দেওয়ার জন্যই তৈরি হচ্ছিলেন অ্যান্ডারসন। জবাব দিলেনও। ম্যাচে তাঁর প্রবল উপস্থিতি দেখালেন ওয়াহকে। ওয়াহ হয়তো শুধুই দেখেছেন, তবে ভুগেছে আসলে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। লর্ডসে দুর্দান্ত জয়ে যারা উড়ছিল, কাল এজবাস্টনে প্রথম দিনেই তাদের মাটিতে নামিয়ে আনলেন অ্যান্ডারসন। আগের টেস্টে উইকেটশূন্য থাকার আক্ষেপ ঘোচালেন একাই ৬ উইকেট নিয়ে! অ্যান্ডারসনের গতি আর সুইংয়ের সামনে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা মাত্র ৩৬.৪ ওভারেই অলআউট ১৩৬ রানে! লর্ডসের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে অলআউট হয়ে যাওয়ার আক্ষেপ কি এবার একটু কমবে ইংল্যান্ডের? বৃষ্টিতে যখন আগেভাগেই শেষ হলো প্রথম দিনের খেলা, ৩ উইকেট হারিয়ে ইংলিশরা তুলে ফেলেছে ১৩৩ রান।
ক্যারিয়ারে ১৮তম বারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়ে অ্যান্ডারসন পেরিয়েছেন ডেরেক আন্ডারউড, ফ্রেড ট্রুম্যান আর গ্রায়েম সোয়ানকে। ইংলিশ বোলারদের মধ্যে টেস্টে তাঁর চেয়ে বেশি ইনিংসে ৫ উইকেট আছে শুধু ইয়ান বোথাম (২৭) আর সিডনি বার্নসের (২৪)।
দিনের তৃতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে অ্যান্ডারসনই শুরু করেছিলেন তাণ্ডবটা। তবে মধ্যাহ্নবিরতির আগে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কাটা দিলেন প্রায় দুই বছর পর টেস্ট দলে ফেরা স্টিভেন ফিন। প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন নিজের প্রথম ওভারেই স্টিভেন স্মিথকে ফিরিয়ে, তৃতীয় ওভারে ফেরত পাঠিয়েছেন মাইকেল ক্লার্ককেও।
এরপর ৩ উইকেটে ৭৭ থেকে অস্ট্রেলিয়াকে ১৩৬ রানে শেষ করে দেওয়ার মূল ভূমিকাটা অ্যান্ডারসনের। বাকি ৭ উইকেটের ৫টি তাঁর, দুটি স্টুয়ার্ট ব্রডের। তিন ইংলিশ পেসারের সামনে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন শুধু ক্রিস রজার্স। অসুস্থ বোধ করায় যাঁর এজবাস্টনে খেলা নিয়ে সংশয় ছিল একসময়, তাঁর ব্যাট থেকেই এল সর্বোচ্চ ৫২ রান। টেস্টে সর্বশেষ ১১ ইনিংসে এই নিয়ে নবমবারের মতো ৫০ ছাড়ানো ইনিংস খেললেন অস্ট্রেলিয়ান ওপেনার। সঙ্গী হয়ে কেউ দাঁড়ানো তো দূরের কথা, অন্য কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যে ২০ রানই করতে পারেননি! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।