দলের সঙ্গেই ছিলেন তিনি কাল, অনুশীলনও করেছেন। কিন্তু হাম্বানটোটায় থেকেও চোখ তাঁর ব্রিসবেনে। আজ দল যখন নামছে ওয়ানডে পরীক্ষায়, সাঈদ আজমলের সামনে আরও কঠিন পরীক্ষা। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আজ রাতেই উড়াল দিচ্ছেন ব্রিসবেনের উদ্দেশে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার, দলের সেরা অস্ত্রকে ছাড়াই তাই আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ২৭ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতেও তাঁকে না-ও পেতে পারে পাকিস্তান, তবে খেলবেন ৩০ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে।
গলে দুই দলের প্রথম টেস্টে সংশয়পূর্ণ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন আজমল। নিয়ম অনুযায়ী অভিযুক্ত হওয়ার ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় আইসিসি অনুমোদিত ল্যাবে। আজমল অভিযুক্ত হওয়ার পর এর মধ্যেই পেরিয়ে গেছে ১২ দিন। পিসিবি তাই আর দেরি করতে চাইছে না। ব্রিসবেনের ল্যাবে আজমলের পরীক্ষা হবে আগামী পরশু। ম্যানেজার মঈন খান জানিয়েছেন, ব্রিসবেনে পরীক্ষা করাতে সময় বেশি না লাগলে ২৬ আগস্টের মধ্যেই শ্রীলঙ্কায় ফিরতে পারেন আজমল। সে ক্ষেত্রে খেলতে পারবেন দ্বিতীয় ওয়ানডে। পরীক্ষায় সময় বেশি লাগলে সেটা আর সম্ভব হবে না। ২০০৯ সালে দুসরা নিয়ে অভিযুক্ত হয়েছিলেন আজমল। পরীক্ষা করিয়ে মুক্তি পান সেবার। তবে এবার সংশয় আজমলের অফ ব্রেক নিয়েই। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গলে আজমলের ৩০-৩৫টি ডেলিভারি নিয়ে সন্দেহ ছিল আম্পায়ারদের। এবার তাই এই অফ স্পিনারকে নিয়ে খানিকটা শঙ্কাতেই আছে পাকিস্তান।
সত্যিই খারাপ কিছু হলে, আজমলবিহীন পথচলার একটা পরীক্ষা আজ হয়ে যাবে পাকিস্তানের। দুই দিন আগেও ছোটখাটো একটা নমুনা দেখা গেছে। গা গরমের ম্যাচে খেলেননি আজমল, শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ম্যাচ জিতেছিল ৩২৫ রান তুলে। এমনিতে আজমলকে ছাড়াও পাকিস্তানের বোলিং আক্রমণে বৈচিত্রে৵র অভাব নেই। কিন্তু আজমলের মতো ম্যাচ উইনার যে আর নেই!
বিশ্বকাপের বাকি আর মাস ছয়েক। সিরিজটিকে তাই নেওয়া হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজ হিসেবে। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক যেমন বলছেন, ‘বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান বুঝে নেওয়ার ভালো একটি সুযোগ এটি। এখন থেকে প্রতিটি ম্যাচই আসলে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই।’ তবে শুধু বিশ্বকাপ ভাবনা তো পরে, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের জন্য জয়টা প্রয়োজন খানিকটা স্বস্তি পেতেও! এমনিতে কাগজে-কলমে টেস্টের চেয়ে ওয়ানডেতে ভালো তারা। টেস্ট দল থেকে ওয়ানডেতে পরিবর্তন আছে আটটি, যোগ হয়েছেন আফ্রিদি-হাফিজ-ফাওয়াদ-মাকসুদরা।
তবে শ্রীলঙ্কাও তো ওয়ানডেতে আরও বেশি চৌকস দল! সদ্য টেস্টকে বিদায় জানানো মাহেলা জয়াবর্ধনে শুধু এই সংস্করণই খেলবেন এখন, আছেন দিলশান-মালিঙ্গারাও। দুই দলকে তাই আলাদা করা কঠিন। টেস্ট সিরিজের পারফরম্যান্সের কারণেই হয়তো খানিকটা এগিয়ে রাখতে হবে শ্রীলঙ্কাকে। তবে খেলাটা যখন ওয়ানডে আর প্রতিপক্ষ পাকিস্তান, শেষ কথা না বলাই ভালো! এএফপি, ক্রিকইনফো।