সেই আবুল হাসান এখন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হাসান
আবুল হাসান

মাত্রই নেটে ব্যাটিং করে এলেন অনেকক্ষণ। ঘামে ভেজা জবজবে পেশিবহুল শরীর। মুখে সেই অমলিন হাসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ আবার টেস্ট খেলতে নামছে, মনে করিয়ে দিতেই বুড়ো আঙুল নাড়িয়ে দেখালেন, ‘এই যে ফিদেল এডওয়ার্ডসের বাউন্সার লেগেছিল এখানে। আঙুল নাড়াতে গেলেই মনে পড়ে এখনো। এডওয়ার্ডস, ওয়েস্ট ইন্ডিজ...।’ আবুল হাসান আবার হাসেন। আঙুলে এডওয়ার্ডসের ওই ছোবল অনেক দিন যন্ত্রণা দিয়েছে বটে, তবে ওই ইনিংসটিই যে আবার দারুণ এক সুখের স্মৃতি!
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট সেটি। ঢাকা টেস্টে বাজে বোলিং করা শাহাদাত হোসেনের জায়গায় খুলনায় টেস্ট ক্যাপ পেলেন হাসান। ২০ বছর বয়সী সেই পেসার টেস্ট ক্রিকেটে প্রথম দিনেই গড়লেন ইতিহাস, ব্যাট হাতে! দশ নম্বরে নেমে বেস্ট-এডওয়ার্ডসদের তোপ সামলে, নারাইন-পেরমলদের ভোঁতা বানিয়ে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে মাত্র দ্বিতীয় সেঞ্চুরি, ১১০ বছরে প্রথম!
‘ওই ইনিংস সব সময়ই মনে পড়ে। এখন পর্যন্ত জীবনের সেরা প্রাপ্তি তো ওটাই। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ, খারাপ লাগছে। মিস করছি। তবে বাস্তবতা তো মেনে নিতেই হবে!’ ক্ষণিকের জন্য হাসিটা নেই মুখে, কণ্ঠে বিষণ্নতার ছোঁয়া। বাস্তবতা! বড় কঠিন ছিল এই বাস্তবতা। ২০১২ সালের নভেম্বরে শীতের বিকেলের সেই উষ্ণ সুখ হারিয়ে গেছে হাসানের জীবন থেকে। আজ আবার যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, দুদলের সবশেষ টেস্টের অন্যতম নায়ক তখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। মাঝের সময়জুড়ে ছিল শঙ্কা, অনিশ্চয়তা, দুর্ভাগ্যের সঙ্গে লড়াই।
ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই একবার চোট পেয়েছিলেন। তবে সেই সাইড স্ট্রেইন সেরেও যায় দ্রুত। কিন্তু গত বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোট পেলেন মেরুদণ্ডে। প্রথমে মামুলিই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক-ফিজিওদের সব চেষ্টা ব্যর্থ হলো। ঢাকায় এক নামকরা চিকিৎসক তো বলেই দিলেন, ‘তুমি তো আর ক্রিকেট খেলতে পারবে না!’ শুনে সেখানেই কান্নায় ভেঙে পড়েছিলেন হাসান। পরে সিদ্ধান্ত হলো দেশের বাইরে অস্ত্রোপচারের। থাইল্যান্ড না অস্ট্রেলিয়া, বিসিবির এই দোলাচলে পেরিয়ে গেল আরও সময়। শেষমেশ অস্ট্রেলিয়াতেই হলো অস্ত্রোপচার। তাতেও কাটল না বিপদ, ‘প্রথম সার্জারির পর চিকিৎসক জানালেন, সফল হয়নি। ঠিকমতো উঠতে-বসতে পারছিলাম না, শরীরজুড়ে ব্যথা। ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি শেষ।’ পরে চিকিৎসক বললেন, ‘আরেকবার চেষ্টা করে দেখি।’ দ্বিতীয় সার্জারি সফল হলো।
কষ্টের পালায় সেটা কেবল একটি ধাপ। পরের ধাপ আরও যন্ত্রণাময়, পুনর্বাসন-প্রক্রিয়া! ‘রিহ্যাব ভীষণ কষ্টকর একটা প্রক্রিয়া। অনেক চিকিৎসকই বলেছেন, এই ইনজুরিটা হলে খুব কমজনই আবার ক্রিকেটে ফিরতে পারে। সার্জারির পর তাই প্রায় এক বছর ধরে খুব সাবধানে রিহ্যাব করেছি। সবচেয়ে কঠিন ছিল খেলতে না পারা। ব্যাট-বল হাতে নিতে পারছি না...একজন খেলোয়াড়ের জন্য খেলতে না পারা যে কত কষ্টের, কেবল যার হয়, সেই বোঝে...।’
শরীর সামলানোর পাশাপাশি চলেছে মনকে বোঝানোর যুদ্ধ। একই সিরিজে অভিষিক্ত এনামুল-সোহাগ-মুমিনুলরা চুটিয়ে খেলছেন, তিনি পড়ে আছেন বিছানায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেডিয়াম-লাগোয়া একাডেমি ভবনে থেকেও একটি ম্যাচও দেখতে যাননি। দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ সহ্য করতে পারছিলেন না। ‘সাইকোলজিক্যাল ধাক্কাটা ছিল খুব কঠিন। নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। বেশি অস্থির লাগলে গান করতাম। মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। নিজেকে বুঝিয়েছি উনি দুই পায়ে আটটি সার্জারি করে এখনো খেলছেন, আমি কেন পারব না! বাবা-মা, আপু-ভাইয়া, বন্ধু শুভ, ট্রেনার খোকন ভাই, ইফতি ভাই খুব উৎসাহ দিয়ে গেছেন। সবার কাছে ঋণী আমি।’
বল হাতে নিতে পেরেছেন মাস দুয়েক আগে। কঠোর পরিশ্রম করেছেন ফিটনেস ফিরে পেতে। জিম্বাবুয়ের ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজেই হয়তো ফিরবেন, খেলবেন এক দিনের ম্যাচে। এর মধ্যেই ‘এ’ দলের হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেছেন। প্রথম ম্যাচে একটি, পরের ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন। পুনর্বাসনের একটা পর্যায়ে শুধু ব্যাটিং করতে পেরেছেন, ওই সময়টায় ঝালাই করেছেন ব্যাটিং। অভিষেকের সেঞ্চুরিটায় যে ইঙ্গিত ছিল, সেটাই বাস্তব রূপ দিতে চান। হয়ে উঠতে চান পুরোদস্তুর অলরাউন্ডার। আপাতত নিকট ভবিষ্যতের স্বপ্ন, আগামী বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।
তবেই ওই চোট দুঃস্বপ্নেও সঙ্গী থাকবে হয়তো ক্যারিয়ারজুড়ে। এর মধ্যেই দুবার অস্ত্রোপচার করাতে হয়েছে কোমরে, দুবার অ্যঙ্কেলে। ড্রাইভিং করতে ভালোবাসেন, কিন্তু চিকিৎসকেরা নিষেধ করে দিয়েছেন। কোনো কিছুতেই তাড়াহুড়ো করা যাবে না। প্রতিটি পদক্ষেপে সাবধান থাকতে হবে। তবু আক্ষেপ নেই হাসানের। মুখে সব সময় লেগে থাকা হাসিটা ধরে রেখেই বললেন, ‘ক্রিকেট খেলার জন্য সব ত্যাগ স্বীকারে রাজি আছি।’

আপাতত সাদা পোশাকে নয়
৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টির ছোট্ট ক্যারিয়ারে অভাবনীয় এক কীর্তি গড়েছেন টেস্ট ক্রিকেটে। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকলেও আগামী ২-৩ বছর টেস্ট খেলতে পারবেন না আবুল হাসান। জানালেন চোটের ধরনটার কারণেই এই সতর্কতা, ‘চার দিনের ম্যাচ বলেন বা টেস্ট, আগামী ২-৩ বছর এসব খেলতে পারব না। আমার সার্জারিটা ছিল বড় ধরনের, আর কোমরে দুবার অস্ত্রোপচার হলো। ইনজুরিটা খুব সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফেরাই থাকবে লক্ষ্য। টেস্টের কারণেই লোকে আমাকে চেনে। খারাপ লাগছে। তবে সান্ত্বনা হলো, অন্তত খেলতে তো পারছি!’