সেই আবেগ-সমুদ্রে আমিও ছিলাম!

ওভাল হয়ে ওঠেছিল মিরপুর! কারণ? গ্যালারি ভরা যে ছিল বাংলাদেশি দর্শক। এর অন্যতম ছিলেন যুক্তরাজ্য প্রবাসীরা। দূরে থেকেও দেশকে যাঁরা হৃদয়ের সবচেয়ে কাছাকাছি রাখেন। ওভালে বাংলাদেশের খেলা দেখা এক প্রবাসী লিখেছেন সেদিনের আবেগ নিয়ে
দর্শক হিসেবে আমার সাফল্য শতভাগ! এই রেকর্ড দেখে মাশরাফি-কোহলিদের মতো অধিনায়কেরাও ঈর্ষা করবেন নির্ঘাৎ। আমি যে অপরাজেয়! যখনই মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছি, তখনই বাংলাদেশ জিতেছে। যুক্তরাজ্যে ১৩ বছর আগে বসত গড়ার পরে এ পর্যন্ত মাঠে গিয়ে বাংলাদেশকে কখনো হারতে দেখিনি। এ কারণে বিশ্বকাপের সূচি ঠিক হওয়ার পরপরই যখন এই ম্যাচ দেখব বলে ঠিক করেছিলাম, আশপাশে সবাইকে ভবিষ্যদ্বাণী করেও রেখেছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিতবেই। ওহ্, জানতে চাইছেন, এর আগে আমি কটি ম্যাচ মাঠে গিয়ে দেখেছি, তা-ই তো? একটিই! ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই বাংলাদেশ যেবার ইংল্যান্ডে এল, আর ব্রিস্টলে হারিয়ে দিল ইংল্যান্ডকে। সেই ম্যাচে মাঠে আমিও ছিলাম। এরপর ওভালে, আবারও জয়!
বাংলাদেশে আপনারা বিশ্বকাপের মতো কোনো বড় সিরিজে হয়তোবা ব্যাংকে লাইন দিয়ে কিংবা মামা-চাচা ধরে টিকিট পেয়ে যান, কিন্তু ইউকেতে ঘটনা তেমন নয়। আমাদের পরিকল্পনা শুরু হয় মোটামুটি বছরখানেক আগে। সত্যি বলতে, ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি আমি নিতে শুরু করেছিলাম ২০১৬ সালে, যখন দেশে গেলাম তখন থেকেই। প্রথমেই হানা দিলাম বিজয়নগরে। কাকতালীয়ভাবে সময়টাও ছিল ডিসেম্বর মাস। তাই সঠিক রঙের বিভিন্ন সাইজের বাংলাদেশের পতাকা জোগাড় করা হয়ে গেল।
আপনারা যাঁরা টিভিতে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, কোনো এক বিচিত্র কারণে এই ইংরেজ মুল্লুকে বাংলাদেশের যতগুলো পতাকা বিক্রি হতে দেখেছি, প্রতিবারই সবুজ রংটাকে কেন যেন বিবর্ণ মনে হয়েছে। এমনকি এবারের ফ্র্যাঞ্চাইজি স্টোরে বাংলাদেশের যে টিম শার্ট (এ দেশে জার্সিকে শার্ট বলে) বিক্রি হচ্ছে তাও কেমন যেন দেখতে কেনিয়ার জার্সির মতন। গাঢ় সবুজ না হলে মন কি ভরে। তাই দেশের খাঁটি পতাকা দেশ থেকেই কিনে এনেছিলাম, এবারের বিশ্বকাপ মাথায় রেখে, তিন বছর আগেই!
এরপর এল ২০১৮ এর সামার, আইসিসি ফ্যামিলি ব্যালট ডাকল। ফ্যামিলি ব্যালট হচ্ছে যাঁরা নির্দিষ্ট সময়ের আগে আইসিসি ফ্যামিলি মেম্বার হয়েছেন তারা সবার আগে নিজেদের পছন্দের টিকিটের জন্য আবেদন করবেন যার যার ব্যাংক ডিটেইলসহ। পরে লটারির মাধ্যমে যাঁরা আবেদন করেছেন তাদের সবার আগে টিকিট বরাদ্দ দেওয়া হবে। আমার পরিচিত অনেক বন্ধুবর ৪৮ ম্যাচের প্রতিটির জন্য আবেদন করলেও আর্থিক অসংগতির কারণে আমি সিদ্ধান্ত নিলাম শুধুমাত্র বাংলাদেশের দুটি বাদে সব কটি ম্যাচের জন্য আবেদন করব। তারপর থেকেই শুরু হলো আসল জোগাড়যন্ত্র। শুধুমাত্র প্রথম ম্যাচের জন্য সপরিবারে আবেদন করেছিলাম আর বাকিগুলোতে একা, কারণ বাচ্চাদের স্কুল খোলা। চারটি ম্যাচ পড়েছে যুক্তরাজ্যে, তাই অফিসে ছুটিও বুক করে রেখেছি গত নভেম্বর মাসেই। কিন্তু এরই মধ্যে বাদ সাধল ৫ জুনের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। কারণ ওই দিন হিসেবমতো ঈদ-উল-ফিতর হতে পারে। গিন্নি ঝাড়ি দিয়ে বললেন, ঈদের দিনে যদি তাঁদের রেখে খেলা দেখতে যাই তাহলে নাকি আমার খবর আছে। তাই চোখের জলে টিকিটটি আইসিসি ওয়েবসাইটে ফেরত দিতে হলো।

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। আগের দিন সন্ধ্যার মধ্যেই আমার পুরো পরিবারের ব্যাকপ্যাক প্রস্তুত। পতাকা, হাতে বানানো ব্যানার, বাচ্চাদের খাবার ও পানীয়সহ আমাদের ইফতারের সামগ্রী সব যার যার আলাদা ব্যাগে ভারা হলো। আমি ও আমার গিন্নি দুজনই রোজা, মোটামুটি প্রায় ১৯ ঘণ্টার। এর মধ্যে বিবিসি ওয়েদার ফোরকাস্টে বলছে বৃষ্টি হওয়ার ‘সম্ভাবিলিটি’। তাই ব্রিটিশ আবহাওয়ার অবশ্যম্ভাবী অঙ্গ রেইনকোটও ব্যাগে ভরা হলো। সন্ধ্যা সোয়া নয়টায় ইফতার শেষ করে বাচ্চাদের বিছানায় পাঠিয়ে আমরাও তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। কয়েক ঘণ্টা পরে সাহরি করে আবার ঘুমতে গেলেও চোখে এক ফোঁটা ঘুমও এল না। তাই বিছানায় কিছুক্ষণ এপাশ-ওপাশ করে উঠে পড়লাম। কখন যে মাঠে যাব!
বাচ্চাকাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে তৈরি করে পৌনে আটটা নাগাদ রওনা দিলাম কেনিংটনের উদ্দেশে। তখনো জানতাম না আমাদের জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে। টেমস ব্রিজ পেরিয়ে যখন ওভালের পাশ দিয়ে আমাদের বুক করা পার্কিং স্পেসের দিকে যাচ্ছি, তখন দেখি এ যে পুরা বাংলাদেশ। হাজার হাজার লাল সবুজের ক্রিকেট শার্ট পরা হাজার হাজার বাঙালি চারদিকে। কেউ কাউকে চিনি না কিন্তু যার দিকে চোখ পড়ছে সেই হাসছে। এ যেন কেউ কাউকে না চিনেও সবাই সবার আত্মীয়। এরই মধ্যে হাজারের ভিড়ে হঠাৎ শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। খুঁজে পেতে দেখি ইলেক্ট্রিক্যালের তমাল। বুয়েট ছাড়ার পরে ১৯ বছর পর প্রথম দেখা। সঙ্গে আমাদের রশীদ হলের আরেকজন সতীর্থ। খুবই লজ্জা লাগল যখন দেখলাম সে আমার নাম মনে রাখলেও আমি ভুলে গেছি। কিন্তু একটু পরেই ছোট্ট একটি ঘটনায় টের পেলাম, সে কত বড় একজন মানুষ। একজন অপরিচিত দেশি ভাই জনে জনে জিজ্ঞেস করছেন কারও কাছে টিকিট আছে কি না। আমার নাম ভুলে যাওয়া বন্ধুটি তাকে ডেকে নিয়ে তার হাতে ওর নিজের কাছে থাকা একটি অতিরিক্ত টিকিট দিয়ে দিল। দাম দিতে চাইলে নিল না। বলল, টাকা লাগবে না ভাই, খালি দোয়া কইরেন আইজকা বাংলাদেশ যেন জিতে।
গ্যালারিতে ঢুকে দেখি চারদিকে লাল সবুজের মেলা। সেন্ট্রাল লন্ডনের বুকে ওভালকে আমাদের হোম গ্রাউন্ড বানিয়ে ফেলেছি। আমি কোনো দিন মিরপুরের হোম অফ ক্রিকেটে যাইনি, কিন্তু আমি এখন গর্বভরে বলতে পারি আমি দেশের বাইরে বাংলাদেশের হোম অব ক্রিকেট ওভালে গিয়েছি। শুধু যাইনি, ওভালকে বাংলাদেশের হোম অব ক্রিকেট যাঁরা বানিয়ে ছেড়েছে তাদের মধ্যে আমিও একজন। এরপর যখন জাতীয় সংগীত শুরু হলো, কী বলব! পুরো গ্যালারি থেকে, এতগুলো মানুষ, একসঙ্গে গাইছে—আমার সোনার বাংলা, এ যেন আবেগের এক সমুদ্র! এখন ভাবতে ভালোই লাগছে, সেই সমুদ্রে আমিও ছিলাম! অনেকের চোখে জল! আহা্, মা তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি! দেশ মায়ের বুকে তো জায়গা পেলাম না, দুটো রুটি-রুজির খোঁজ এত দূরে পড়ে আছি। নিজের সঞ্চয়ের একটা অংশ সব প্রবাসীই দেশে পাঠিয়ে দেয়। তবু কি মায়ের ঋণ শোধ হয় কখনো? হয় না! শোধ হয় না বলে সম্পর্কটা আবেগের ঋণের জালে হয়তো বাঁধা থেকে যায়!
খেলা শুরু হলে দেখা গেল পোড়ামুখো বিবিসি আবহাওয়া বিশারদদের মুখে চুনকালি দিয়ে চারদিকে চড়চড়ে রোদ। তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রির কাছাকাছি। একে তো রোজা, তার ওপর এমন গরম আমাদের পেছনের সারির একজন চাচা হটাৎ অসুস্থ হয়ে পড়লে সবাই তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। অনাত্মীয়ের মধ্যে সবাই যেন আত্মীয়। আমি নিজেও একটু পরপর ওয়াশ রুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আর কুলি করে আসছি। আমার বেহাল অবস্থা দেখে সঙ্গে বসে থাকা কয়েকজন বললেন, ভাই রোজা ভেঙে ফেলেন। পরে কাজা করে নিবেন। আমি বললাম, যদি এমন হয় যে আমি রোজা ভাঙলাম আর বাংলাদেশ হেরে গেল! নারে ভাই থাক।
লাঞ্চ ব্রেকে বেরিয়েছি বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনে দিয়ে জোহরের নামাজ পড়তে যাব গ্যালারির পেছনে। আইসক্রিম কিনতে গিয়ে দেখি বিশাল কিউ। কিউতে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল পিটার মে স্ট্যান্ডের দিকে। নিচ থেকে দেখা যাচ্ছে প্রায় শ খানেক মুসল্লি একসঙ্গে জামাতে জোহরের নামাজ পড়ছেন। পেছনে কয়েক সারি লন্ডন মেট পুলিশ দাঁড়িয়ে আছেন কিন্তু কারও সেদিকে কোনো ভ্রুকুটি নেই। যে যে যার যার মতন। এমনকি ব্রেডস্নার স্ট্যান্ডের কলামের ফাঁকেও দেখলাম কয়েকজন মুসল্লিকে নামাজে দণ্ডায়মান। নিজেও জায়গা মতন দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলাম।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরু করে পরে আমাদের ভোক্সল স্ট্যান্ডের দিকে কিছুটা ছায়াসহ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এরই মধ্যে আমার পুঁচকে গেল ঘুমিয়ে। ঘুম থেকে যখন উঠল তখন বাংলাদেশ প্রায় জিতে জিতে অবস্থা। আমাদের বাচ্চা-কাচ্চারা আমাদের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে আধো বাংলা উচ্চারণে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল। ওদের দেখে সবকিছু ভুলে গিয়ে আমিও ঝাঁপিয়ে পড়লাম। আমি বাংলাদেশের আলো-বাতাস মেখে বড় হয়েছি, আমার সন্তানেরা তো নয়। মনে মনে একটা শঙ্কা থাকেই, তারা কি দেশকে আমার মতো ভালোবাসবে? সেদিন সব শঙ্কা উবে গেল। আমি নিশ্চিত জানি, এই আধো বাংলাদেশ বাংলাদেশ স্লোগান সেদিন ওদের মগজে আর হৃদয়ে গেঁথে গেছে।
হটাত দেখি মুখে কোনো আওয়াজ বেরোচ্ছে না, মুখের ভেতরের লালাও শুকিয়ে গেছে। আমাদের জয় এল বিকেল ছটার দিকে। ইফতারের তখনো সাড়ে তিন ঘণ্টা বাকি। কিন্তু আমরা লাল সবুজ সবাই তখন জোশে উন্মাতাল। বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের সঙ্গে বসা কিছু আফ্রিকান সমর্থকও যোগ দিলেন। বাংলাদেশের যেকোনো ম্যাচে প্রায়ই দেখা যায় এমন এক ব্যাক্তিত্ব, নাম জানি না, গেয়ে উঠলেন আমরা করব জয়। সঙ্গে সঙ্গে আমিসহ কয়েকজনের সশব্দে প্রতিবাদ, আরে রাখেন মিয়া, হেইদিন আর নাই। এখন কন আমরা এমনেই করি জয়। শুনে সবার অট্টহাসি।
এতক্ষণ যা বললাম, তা হচ্ছে গ্যালারির পেছনের গল্প। মাঠে কি হয়েছে তা আপনারা সবাই দেখেছেন। গ্যালারির ওপাশে কি হয় তা কজন দেখে। কিন্তু এ গল্প শুধু আমার নয়। এ রকম ২০ হাজার নতুন নতুন গল্প আপনারা পাবেন যেদিনকে ওভালে লাল সবুজের মাঝে। এ রকম হাজার হাজার গল্প হবে বাংলাদেশের বাকি প্রতিটি ম্যাচে এবং শেষ অঙ্ক রচিত হবে ১৪ জুলাই, ফাইনালে। বাংলাদেশের হাতে উঠবে প্রথম বিশ্বকাপ ট্রফি। কী, আমাকে পাগল মনে হয়? মনে করতে পারেন, কোনো অসুবিধা নাই। এমন অনেকেই আমাকে উন্মাদ বলেছিল ২ জুনের আগে, ঠিক যেমন বলেছিল ২০১০-এর ১০ জুলাই এর আগে।
লেখক: যুক্তরাজ্যপ্রবাসী স্থপতি