সেই আমিরের বলেই ফিরলেন হাফিজ

বিপিএল শুরু হওয়ার আগে মোহাম্মদ হাফিজ জন্ম দিয়েছিলেন আলোচনা-বিতর্কের। বলেছিলেন, মোহাম্মদ আমির আছেন বলেই তিনি নাকি চিটাগং ভাইকিংসের ‘লোভনীয়’ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আমিরকে ‘পাকিস্তানের নাম ডোবানো’ ক্রিকেটার হিসেবে অভিহিত করে তাঁর সঙ্গে একই দলে খেলার ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
সেই হাফিজই বিপিএলে খেলতে এসেছেন। খেলছেন ঢাকা ডায়নামাইটসে। শুধু তাই নয় আজ চিটাগংয়ের সঙ্গে খেলায় আউট হলেন সেই ‘অচ্ছ্যুত’ আমিরের বলেই। বিপিএলের শুরু থেকেই হাফিজের ওই মন্তব্যের ব্যাপারে আমিরের মুখ খোলানোর অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমির কথায় নয় হাফিজকে জবাব দিলেন তাঁর বোলিং দিয়েই।
এই মুহূর্তটির জন্যই যেন অপেক্ষায় ছিলেন আমির। অফ স্টাম্পের বাইরে শর্ট অব গুড লেংথের বলটি ছেড়ে দিতেই চেয়েছিলেন হাফিজ। কিন্তু দেরি করে ফেলায় বল তাঁর ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল চিটাগংয়ের উইকেটরক্ষক এনামুল হকের গ্লাভসে। আউট নিশ্চিত হতেই উন্মত্ত উদ্যাপন আমিরের।
হাওয়ায় মুঠি ছুড়লেন। মুখেও কি যেন সব বললেন। দেহের ভাষায় ফুটে উঠল আবেগের উন্মত্ততা, ‘হাফিজ ভাই দেখ, আমিই তোমাকে আউট করলাম।’

পুরো মাঠের নজরই এই সময় ছিল আমিরের দিকে। হাফিজের অভিব্যক্তিটা ঠিক বোঝা যায়নি। তবে পুরো ঘটনাটিই হয়তো সারা জীবন মনে রাখবেন ‘দ্য প্রফেসর।’