সেই আমিরেরই এমন উপলব্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নিষেধাজ্ঞাতেই তাঁর জীবন-দর্শন বদলে গেল! ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা শেষে গত বছরই সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন। পাকিস্তানি ফাস্ট বোলার এবার ফিরছেন টেস্টেও, সেই লর্ডসেই। কিন্তু ফেরার আগে তাঁর উপলব্ধি, ফিক্সারদের আসলে আজীবন নিষিদ্ধই করা উচিত।
আমির কথাটা বলেছেন আসলে অ্যালিস্টার কুকের কথার সূত্র ধরে। জুলাইয়ে ইংল্যান্ডে চার টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। কদিন আগে সেটি নিয়ে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেছেন, ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করা উচিত। এবার আমিরের কণ্ঠেও কুকের প্রতিধ্বনি। গতকালই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে সাক্ষাৎকারে আমির বললেন, ‘ফিক্সিং যদি এখনো চলতে থাকে, তাহলে সেটি উদ্বেগজনক। ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার ব্যাপারটাকে আমিও পুরোপুরি সমর্থন করি।’
পাঁচ বছরের নিষেধাজ্ঞায় থমকে যাওয়া টেস্ট ক্যারিয়ারটা পুনর্জীবিত লর্ডসে। এই চক্রপূরণ আমিরের কাছে প্রাকৃতিক আশীর্বাদই মনে হয়, ‘আপনারা এটাকে কাকতালীয় ভাবতে পারেন, কিন্তু আমার জন্য এটা আশীর্বাদ। ২০১০ সালে যেখানে থেমে গিয়েছিলাম, সেই লর্ডসেই আবার নতুন করে শুরু করছি।’ সূত্র: এএফপি।