সেই আম্পায়ারই থাকছেন মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান রাজা
আহসান রাজা

৩ মার্চ, ২০০৯। স্মৃতিপটে ওই দিনটার ছবি ভেসে উঠলে কি এখনো মনের অজান্তে শিউরে ওঠেন আহসান রাজা? বেঁচে থাকার আনন্দটা আরও বেড়ে যায় এই পাকিস্তানি আম্পায়ারের?
হ্যাঁ, স্রেফ ভাগ্য আর প্রচণ্ড মানসিক শক্তির জোরেই বেঁচে আছেন রাজা। শুধু বেঁচে আছেন বললে ভুল বলা হয়। আজ থেকে শুরু পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারিংও করবেন। দেশের মাটিতে পাকিস্তানের কোনো ম্যাচে আম্পায়ারিং করার এই স্বপ্নটা তাঁর অনেক দিনের। মৃত্যুভয়ও পারেনি তাঁর এই স্বপ্ন কেড়ে নিতে।
বছর ছয়েক আগের ওই দিনে লাহোরের লিবার্টি চক্করে সফরকারী শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। গুলি চলে আম্পায়ারদের গাড়িতেও। পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ছিল সেটা। খেলা শুরুর আগে ম্যাচের আম্পায়ার সাইমন টোফেল, স্টিভ ডেভিস, নাদিম ঘোরি আর ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সঙ্গে ওই গাড়িতে মাঠে যাচ্ছিলেন রিজার্ভ আম্পায়ার আহসান রাজাও। দুটি গুলি লাগে রাজার শরীরে। গুলিতে ক্ষতিগ্রস্ত হয় তাঁর ফুসফুস ও যকৃৎ। ২০ ব্যাগ রক্ত, ৮০টি সেলাই আর ৬ মাসজুড়ে অস্ত্রোপচারের পর অস্ত্রোপচার—তারপর গিয়ে আবার সোজা হয়ে দাঁড়াতে পারেন রাজা।
চলাফেরার মতো সুস্থ হয়েছেন, কিন্তু আবার আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা শারীরিক ও মানসিকভাবে খুবই কঠিন ছিল। প্রবল ইচ্ছাশক্তির বলে সেটিও সম্ভব করেছেন পাকিস্তানি এই আম্পায়ার। তাঁর মুখেই শুনুন সেই কঠিন লড়াইয়ের গল্প, ‘গত ছয় বছরে আমার জীবন আমূল বদলে গেছে। ওই দুটি বুলেট আমাকে অনেক ভুগিয়েছে। আপনি যদি আমার ৮০টি সেলাই দেখতেন তাহলে বিস্মিত হতেন যে কীভাবে আমি এখনো দাঁড়িয়ে আছি। চিকিৎসকেরাও ভেবেছিলেন আমি আর কোনো দিন আম্পায়ার হিসেবে দাঁড়াতে পারব না। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা আমাকে আবার দাঁড়াতে সাহায্য করেছে। ছয় মাস পরে আমি চলাফেরা শুরু করেছি, তার কিছুদিন পর আমি আম্পায়ারিং শুরু করেছি ঘরোয়া ক্রিকেটে। সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও আমি টিভি আম্পায়ার ছিলাম।’
দুঃসহ সেই স্মৃতিটা কখনোই মোছার নয়। তবে মনের ক্ষতটা নাকি অনেকটাই মুছে যাবে গাদ্দাফি স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দাঁড়ানোর পর, ‘সম্ভবত এই সিরিজ নিয়ে আমিই সবচেয়ে রোমাঞ্চিত। কারণ দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ছাড়া আমার জীবন অপূর্ণ থেকে যেত। আমি ঠিক বোঝাতে পারব না আমার কেমন লাগছে। ২০০৯ সালের ওই সিরিজ ছিল আম্পায়ার হিসেবে আমার ক্যারিয়ারের প্রথম। ছয় বছর আগে আমি ছিলাম শুধু রিজার্ভ আম্পায়ার। এখন আমি আইসিসি প্যানেলের অনফিল্ড আম্পায়ার।’
৪০ বছর বয়সী রাজা খেলোয়াড়ি জীবনে ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। ২১টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন। অবসরের পর বেছে নেন আম্পায়ারিং ক্যারিয়ার। যদিও ২০০৫ সালে আম্পায়ারিংয়ের প্রাথমিক পরীক্ষাতেই তিনি ফেল করেছিলেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০০৯ সালে রিজার্ভ আম্পায়ার হন। তারপর ওই দুর্ঘটনা। কিন্তু সেটিও দমিয়ে রাখতে পারেনি বলেই তিন বছর ধরে তিনি পাকিস্তানের বর্ষসেরা আম্পায়ার।
২০০৯ সালে যেখানে ওই দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানে আরও অনেকবার গিয়ে দাঁড়িয়েছেন। কখনো ভয় পাননি। শুধু তাই নয়, সেদিন গাড়িতে যাঁরা সহযাত্রী ও সহকর্মী ছিলেন সেই সাইমন টোফেল, স্টিভ ডেভিস ও ক্রিস ব্রডের সঙ্গে প্রতিবছর ৩ মার্চ নিয়ম করে কথা বলেন। ভাগাভাগি করেন গত এক বছরে জীবনের অভিজ্ঞতা। একজন অন্যজনকে বলেন ওই দুর্ঘটনার পর থেকে তাঁরা কী কী ভালো কাজ করেছেন। রাজার চোখেমুখে বেঁচে থাকার আনন্দ, ‘আমি বেঁচে আছি, পরিবারের সঙ্গে আছি। এতেই আমি অসম্ভব খুশি।’ ক্রিকইনফো।