সেই আর্নস ভেলে আবার

নতুন মাঠে এসে কোচ-অধিনায়কেরা যা করেন, চন্ডিকা হাথুরুসিংহে আর মুশফিকুর রহিমও তাই করলেন। কাল সকালে সেন্ট কিটসের আর্নস ভেল মাঠে এসে প্রথমেই চলে গেলেন উইকেট দেখতে। তবে উইকেটের আসল অবস্থা বোঝার উপায় ছিল না তখন। বাংলাদেশ দল মাঠে আসার একটু আগেই যে বৃষ্টি হলো আর্নস ভেলে!
বৃষ্টির ঝাপটায় উইকেটের যা একটু সাময়িক পরিবর্তন, সেটা বাদ দিলে এখানেও ব্যাটিং উইকেটই হওয়ার কথা। বাংলাদেশ দল মনে মনে সেটাই চাচ্ছে। অধিনায়ক মুশফিকের দুই টেস্টেই ড্র করার ইচ্ছা পূরণের জন্য চাই নিখাদ ব্যাটিং উইকেট।
নতুন ভেন্যুতে খেলার আগে আরও একটা কাজ করা হয়। ঘেঁটেঘুঁটে দেখা হয় মাঠের ইতিহাস। বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ গত কয়েক দিনে এই নিয়ে গলদঘর্ম। আর্নস ভেলেতে অনুষ্ঠিত প্রথম শ্রেণির ম্যাচগুলোর ইতিহাস খুঁজে পাচ্ছিলেন না তিনি। এটা জানার সহজতম উপায় হলো ক্রিকইনফো ওয়েবসাইটে যাওয়া। কিন্তু সেখানে নাকি এ মাঠের প্রথম শ্রেণির ক্রিকেটের কোনো পরিসংখ্যান দেওয়া নেই! শুধু ২টি টেস্ট, ২৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের কথাই বলা আছে। পরে অবশ্য কীভাবে কীভাবে যেন ক্রিকইনফো থেকেই সেগুলো উদ্ধার করেছেন নাসির। টসে জিতলে এখানে ব্যাটিং না বোলিং নেওয়ার প্রবণতা বেশি, আগে ব্যাট করলে কী হয়, পরে ব্যাট করলে কী হয় এসব নিয়েও রীতিমতো গবেষণা চালিয়েছেন।
তবে এ মাঠে এসে বাংলাদেশ দলের অনুপ্রাণিত বোধ করার জন্য কোনো গবেষণার দরকার নেই। শুধু ২০০৯ আর ২০০৪ সালের কথা মনে করলেই হলো। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ের যাত্রা শুরু সেন্ট ভিনসেন্টের এই আর্নস ভেল থেকেই। প্রথম টেস্টটি হয়েছিল এখানেই, যাতে বাংলাদেশ দল জিতেছিল ৯৫ রানে, সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। আসলে আর্নস ভেলে টেস্ট জয়ের কোনো সুখস্মৃতিই নেই ওয়েস্ট ইন্ডিজের। এই মাঠে অন্যটি টেস্টটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম সাক্ষাৎও আর্নস ভেলেই। সেটি ২০০৪ সালে। বাংলাদেশ দলের প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর এবং সিরিজের প্রথম ম্যাচটা হয়েছিল সেন্ট ভিনসেন্টে। ৮ উইকেটে মাত্র ১৪৪ রান করেও প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতেছিল মাত্র ১ উইকেটে।
সেই বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার এবার দলের সঙ্গী নির্বাচক ও টিম ম্যানেজারের ভূমিকায়। কাল ২০০৪ সালের ওই সফরের প্রসঙ্গ তুলতেই স্মৃতিকাতর হয়ে পড়লেন হাবিবুল, ‘২০০৪-এ এসে আমরা প্রথম সেন্ট ভিনসেন্টেই ল্যান্ড করেছিলাম। ওয়েস্ট ইন্ডিজে এর পরে এসেও অনেকগুলো দ্বীপে গেছি। কিন্তু প্রথম ওয়েস্ট ইন্ডিজ দেখার অভিজ্ঞতা সব সময়ই আমার কাছে অন্য রকম। এই দ্বীপটাও অন্যগুলোর চেয়ে একটু ভিন্ন।’ মনে পড়ল জয়ের সম্ভাবনা তৈরি করা ম্যাচটার কথাও, ‘একটা ম্যাচে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, শেষ পর্যন্ত ১ উইকেটে হারলাম।’ ২০০৪ আর ২০০৯-এর অভিজ্ঞতা আর্নস ভেলে এবার বাংলাদেশকে বাড়তি প্রেরণা দেবে বলেও বিশ্বাস হাবিবুলের, ‘এখানে আমাদের স্মৃতিটা ভালোই। সেদিক দিয়ে প্রেরণা তো অবশ্যই। তবে যা করার মাঠে করে দেখাতে হবে। ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। টেস্টে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমাদের আসল ক্রিকেটটা খেলতে চাই।’
২০০৪ থেকে ২০০৯ পাঁচ বছর। ২০০৯ থেকে ২০১৪-ও পাঁচ বছরের ব্যবধানই। কে জানে, বাংলাদেশের জন্য সমুদ্রতীরের আর্নস ভেলের কোনো ‘পঞ্চবার্ষিকী’ পরিকল্পনা থাকলেও থাকতে পারে।