সেই ইংল্যান্ড, আবারও আনন্দাশ্রু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫

ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছিল ইংল্যান্ড। গত রোববার। ধারাভাষ্যে মাইক আথারটন ও রাসেল আরনল্ড। আলোচনা চলছিল এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য চার দল নিয়ে। আরনল্ড বলছিলেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা...আর ইংল্যান্ড। পাশ থেকে আথারটন যোগ করলেন, ‘কিংবা, হয়তো বাংলাদেশ!’
এবার আরনল্ডের টিপ্পনী, ‘কাম অন মাইক, তোমার দলের ওপর বিশ্বাস তো রাখো!’ স্বভাবসুলভ স্মিত হাসিতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক আথারটনের উত্তর, ‘আমি বিশ্বাস রাখলে তো চলবে না, দলটার নিজেদের ওপর বিশ্বাস আছে তো!’
ওয়ানডেতে ইংল্যান্ড কখনোই প্রায় অজেয় শক্তি হয়ে উঠতে পারেনি। আর এখনকার দলটা তো সেই ১৯৯২ অস্ট্রেলিয়া বিশ্বকাপের বোথাম-গুচদের কঙ্কাল। বিশ্বকাপের আগে আগে দলের অধিনায়কত্ব বদলসহ অনেক ওলট-পালটে যা হলো, সেসবের ফল মিলছে মাঠে। এখনো পর্যন্ত ভীষণ বিবর্ণ। অ্যান্ডারসন-ব্রডের পেস বোলিং জুটি একদমই ধারহীন, অধিনায়ক এউইন মরগান নিজেকে হারিয়ে খুঁজছেন। আথারটনের কথাই সত্যি, আত্মবিশ্বাসের সংকটে ইংল্যান্ড। আর বাংলাদেশ? মাশরাফির বাংলাদেশ এখন বিশ্বাস করে। কোয়ার্টার ফাইনাল খুবই সম্ভব!
বিশ্বাসের ভিত্তি হতে পারে অনেক কিছুই। ইংলিশদের শঙ্কা, ভয় একটা ভিত্তি। হারের ভয়ে থাকা দল তো বেশির ভাগ সময়ই হারে! বিশ্বাসের আরেক ভিত্তি অ্যাডিলেডের ২২ গজ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির জন্য অস্ট্রেলিয়ায় এর চেয়ে আদর্শ ভেন্যু আর চাইতে পারত না বাংলাদেশ! সিডনিকে সব সময় অস্ট্রেলিয়ার সবচেয়ে স্পিন উপযোগী উইকেট মানা হলেও এখন তা নিখাদ ব্যাটিং স্বর্গ। আর অ্যাডিলেড ওভালের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক, তবে পাশাপাশি একটু শুষ্কও। এ জন্য খানিকটা হলেও স্পিন ধরার কথা। এখন অবশ্য ড্রপ ইন উইকেটে খেলা হয় বলে প্রাকৃতিক বিষয়গুলোর প্রভাব কম। তার পরও স্পিনারদের জন্য কিছুটা অন্তত থাকবে। সেই ‘একটু কিছু’কে ‘অনেক কিছু’ বানাতে পারলে ইংল্যান্ডকে হারিয়ে দেবে বাংলাদেশ। কে না জানে, মিডিয়াম পেস বোলিং খেলা ইংলিশদের জন্য যতটা স্বস্তির, ততটাই অস্বস্তি স্পিনে! সেটার জন্য অবশ্য আগে একাদশে আরও স্পিনার থাকতে হবে। তবে স্কটল্যান্ড ম্যাচের মতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেও নিশ্চয়ই আরেকজনের স্পিনার না থাকার হা-হুতাশ করার সুযোগ দেবে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট!
বাংলাদেশের সম্ভাবনার পাশাপাশি উল্টো ব্যাপারটিও অবশ্য মাথায় রাখা উচিত। ইংল্যান্ডের জন্য ম্যাচটি অবশ্য জয়ের ম্যাচ। বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের না খেলতে পারা তাদের ক্রিকেটের জন্য আরও বড় বিপর্যয়। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিশ্চয়ই চাইবে মরণকামড় দিয়ে ঘুরে দাঁড়াতে! ইংল্যান্ডের কাছে হারলেও যেন বাংলাদেশকে তাই পেয়ে না বসে সব হারানোর হতাশা। তা ছাড়া ইংল্যান্ডের কাছে হেরে নিউজিল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে ওঠার সমীকরণ তো আছেই! তবে বাস্তবতা বলছে, এ মুহূর্তে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর চেয়ে কঠিন কাজ ক্রিকেটে নেই। আর দলের অবস্থা, ভেন্যু, উইকেট, চাপ, পারিপার্শ্বিকতা—সব মিলিয়ে ইংল্যান্ড ম্যাচটিই মোক্ষম সুযোগ বাংলাদেশের। স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর পর এই বিশ্বকাপে বাংলাদেশের হারানোর আছে সামান্যই, এখন শুধু পাওয়ার পালা। দল তাই ফুরফুরে। নির্ভার একটি দল করে ফেলতে পারে অনেক কিছুই!
ক্রিকেটীয় এই হিসাব-নিকাশের পাশে বাংলাদেশের বিশ্বাস আর অনুপ্রেরণা হয়ে সাকিব-মুশফিকদের চোখে ভাসতে পারে কিছু টুকরো ছবি। টিম ব্রেসনানকে চার মেরেই মাহমুদউল্লাহর ডানা মেলে দেওয়া, হঠাৎ ব্যাটসম্যান হয়ে ওঠা শফিউল, ড্রেসিংরুম থেকে পাগলের মতো ছুটে মাঠে ঢুকে যাওয়া তামিম-জুনায়েদ, নিজেদের কাজ ভুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাঠে চক্কর দিতে থাকা মাঠকর্মীরা, আর সাকিব আল হাসানের গাল বেয়ে নামা চোখের পানি, হাত দিয়ে সেটি আড়াল করার চেষ্টা...চার বছর আগের চট্টগ্রাম!
বাংলাদেশ-ইংল্যান্ডের সবশেষ লড়াই সেটিই। ২০১১ বিশ্বকাপের সেই আবেগময় জয়! ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে বাংলাদেশ। তবে গত বিশ্বকাপের জয়টিই এবার হতে পারে বড় অনুপ্রেরণা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউটের কষ্টের পর ইংল্যান্ডকে হারিয়েই আবার উত্তুঙ্গ আবেগের ঢেউ, সাকিবের চোখের পানি কাঁদিয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিকে। কাঁদিয়েছিল মাঠের প্রেসবক্স, অফিসে-রাস্তায়-বাসে-লঞ্চে-ট্রেনে, বাড়িতে টিভি পর্দার সামনে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট জনতাকে। পরম আরাধ্য আনন্দাশ্রু!
আবার সামনে সেই ইংল্যান্ড। সম্ভাবনার দিগন্ত এবার আরও বড়। জিতলেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল! প্রকৃতিও বুঝি চাইছে তেমন কিছু। গত বিশ্বকাপের ওই ইংল্যান্ড-বধের ম্যাচসেরা ইমরুল কায়েস ও অন্যতম নায়ক শফিউল ইসলাম এবার দলেই ছিলেন না। ইংল্যান্ড ম্যাচে আগের দুজনই আবার দলের সঙ্গে! তো?
আবার আনন্দাশ্রুর উপলক্ষ!