
‘আমাদের বিশ্বাস আছে আমরা জিতব এবং সেটা বড় কোনো অঘটন হবে না।’
দিন দশেক আগে হলেও জাফর আনসারির কথাগুলো শুনে অনেকে হয়তো অবাক হতেন। ইংলিশ অলরাউন্ডার এত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বললেন কী করে! বাংলাদেশের সঙ্গে সিরিজে শেষ টেস্টে হার, দুই টেস্টেই টার্নিং উইকেটে হাঁসফাঁস করতে থাকা—ভারতে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে অসহায় অবস্থার মধ্যেই কল্পনা করেছিলেন সবাই। কিন্তু রাজকোটে প্রথম টেস্ট সিরিজ-পূর্ব সব হিসাব-নিকাশই উল্টে দিল! এমনই যে, আজ ভাইজাগে (বিশাখাপত্তনম) দ্বিতীয় টেস্ট শুরুর আগে বরং ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন অনেকে।
প্রথম টেস্টে প্রায় পুরোটা সময় ভারতের ওপর ছড়ি ঘুরিয়েও শেষ পর্যন্ত বিরাট কোহলির প্রত্যয়ী এক ইনিংসের কারণে ড্র মেনেছে ইংল্যান্ড। তবে এভাবে ড্র করেই আত্মবিশ্বাসে অনেক জ্বালানি ভরে নিয়েছে ইংল্যান্ড। আরেকটি ইতিবাচক দিকও আছে, যা আনসারির ভাষায়, ‘সিরিজের আগে সবাই ভারতকে ফেবারিট বলছিল। সেটিকে অন্তত কিছুটা দমিয়ে দেওয়া গেছে, এটাও ইতিবাচক।’
তা ইতিবাচক ইংল্যান্ড এই টেস্টেও ছড়ি ঘোরাবে, নাকি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে কোহলির ভারত, সেটিই দেখার। টেস্টটি ভারতীয় অধিনায়কের জন্যও ছোট্ট একটা মাইলফলকের, এটি তাঁর ক্যারিয়ারের ৫০তম টেস্ট।
কোহলির কারণেই টেস্টের আগে সামনে আসছে উইকেটও। প্রথম টেস্টে উইকেটে বেশি ঘাস থাকায় কিউরেটরদের সমালোচনা করেছিলেন ভারত অধিনায়ক। সেই সূত্র ধরেই এই টেস্টে ‘চরকির মতো বল ঘুরবে’র মতো পিচের কথাও ভেবেছিলেন অনেকে। তবে বিশাখাপত্তনমের পিচ কিউরেটর যেমনটি বলছেন, তাতে ডিজাইনার পিচ মনে হয় হচ্ছে না, ‘ওরা (ভারতীয় দল) আমাদের কিছু বলেনি। আমরাও তেমন পিচের ভাবনাকে পাত্তা দিচ্ছি না। দুই দলের জন্যই নিরপেক্ষ পিচ হবে।’ নিরপেক্ষ পিচ বলতে, স্পিন এখানেও ধরবে, তবে দ্বিতীয় দিন লাঞ্চের পর থেকে।
তবে স্পিন নয়, ইংল্যান্ডের পেস আক্রমণে বদল আসতে পারে। পেসার ক্রিস ওকসের হালকা চোট আছে। তিনি না খেললে নতুন বলে স্টুয়ার্ট ব্রডের সঙ্গী হতে পারেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। ৩৪ বছর বয়সী পেসার অবশ্য গত আগস্টে পাকিস্তান সিরিজের সময় থেকেই চোট নিয়ে ছিলেন মাঠের বাইরে। ইংলিশ অধিনায়ক কুক তাই সিদ্ধান্তটা নিয়ে চিন্তিত, ‘অ্যান্ডারসনের ব্যাপারটা আমাদের ভাবতে হবে। ও এখানে এসেছে, নেটে ভালো বোলিং করেছে। আত্মবিশ্বাসীও। কিন্তু অনেক দিন সে খেলার বাইরে।’ অ্যান্ডারসন না খেললে স্টিভেন ফিন বা জ্যাক বলের কেউ খেলতে পারেন।
ভারতীয় দলেও আসবে বদল। গৌতম গম্ভীরের বদলে ওপেনিংয়ে লোকেশ রাহুলের আসা প্রায় নিশ্চিত। কোহলি ঘোষণা দিয়ে রেখেছেন, একাদশে থাকবে আরও চমক। সূত্র: ক্রিকইনফো, গার্ডিয়ান।