সেই ইউনিসের চক্রপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ইউনিস খান l ক্রিকইনফো
সেঞ্চুরির পর ইউনিস খান l ক্রিকইনফো

‘আমাকে টেস্ট দলেও নেওয়ার দরকার নেই’—গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখিয়েছিলেন ইউনিস খান। ভাগ্যিস, পাকিস্তানের নির্বাচকেরা অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দাবিকে পাত্তা দেননি। টেস্ট দলে ডাক পাওয়া ইউনিসও অভিমান ভেঙে ফিরেছেন জাতীয় দলে।
সেই ইউনিসই কাল নিজের করে নিলেন দুবাই টেস্টের প্রথম দিনটাকে। ৭ রানেই নেই ২ উইকেট, থরহরি কম্পমান পাকিস্তানিদের মনে ২০০২ সালের শারজা টেস্টের স্মৃতিটা না এসেই পারে না। এক যুগ আগের সেই ম্যাচের দুই ইনিংসে মাত্র ৫৯ ও ৫৩ রান করে দুই দিনের মধ্যেই হেরে গিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে মাত্র ৫ রান করা ইউনিস কাল সেঞ্চুরি করে দলকে শুধু বিপদ থেকেই উদ্ধার করেননি, ঢুকে গেছেন ইতিহাসেও।
অফ স্পিনার নাথান লায়নকে বিশাল এক ছক্কা মেরেই তিন অঙ্ক ছোঁয়া ইউনিস সেঞ্চুরিসংখ্যায় ছুঁয়ে ফেলেছেন ইনজামাম-উল-হককে। ৯২ ম্যাচে ২৫ সেঞ্চুরি ইউনিসের, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫টি টেস্ট সেঞ্চুরি আছে ইনজামামেরও। কালকের এই ইনিংসে আরেকটি ‘প্রথমে’ও নাম উঠেছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্ট খেলুড়ে নয়টি দলের বিপক্ষেই পেলেন সেঞ্চুরি!
প্রথমেই আজহার আলীকে সঙ্গী করে তৃতীয় উইকেটে ১০৮ রান যোগ করে বিপর্যয় সামলেছেন ইউনিস। এরপর ইউনিস-মিসবাহর জুটিতে এসেছে আরও ৮৩ রান। পাকিস্তান দিন শেষ করেছে ৪ উইকেটে ২১৯ রান নিয়ে।
দিন শেষে ইউনিসের কণ্ঠে ছিল গর্বের ছোঁয়া, ‘আপনি যখন হৃদয় দিয়ে খেলবেন, সবকিছুই আপনার পক্ষে আসবে। প্রথম পাকিস্তানি হিসেবে সবগুলো দেশের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে এবং গ্রেট ইনজামামের রেকর্ড ছুঁয়ে আমি গর্বিত।’ এএফপি, ক্রিকইনফো।

স্কোরকার্ড
টস: পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংস
রান বল ৪ ৬
শেহজাদ ব সিডল ৩ ৯ ০ ০
হাফিজ এলবিডব্লু ব জনসন ০ ২ ০ ০
আজহার ক ডুলান ব জনসন ৫৩ ১৬৭ ৬ ০
ইউনিস এলবিডব্লু ব জনসন ১০৬ ২২৩ ১০ ১
মিসবাহ ব্যাটিং ৩৪ ১০৩ ১ ০
শফিক ব্যাটিং ৯ ৩৬ ১ ০
অতিরিক্ত (বা ২, লেবা ১২) ১৪
মোট (৯০ ওভারে, ৪ উইকেটে) ২১৯
উইকেট পতন: ১-১, ২-৭, ৩-১১৫, ৪-১৯৮।
বোলিং: জনসন ২০-১৩-২২-৩, সিডল ১৭-৮-২৭-১, ও’কিফ ১৫-২-৪৯-০, মার্শ ১১-৪-১৮-০, লায়ন ২৪-৩-৭৮-০, স্মিথ ৩-০-১১-০।