সেই উইন্ডিজে ফেবারিট ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে সর্বশেষ ১৫ টেস্টে জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার বাইরে সর্বশেষ ছয়টি টেস্ট সিরিজেই হেরেছে ভারত।

পরিসংখ্যানের প্রথম অংশ বলছে আজ থেকে শুরু টেস্ট সিরিজে ফেবারিট ভারত। দ্বিতীয় অংশটা সামনে এলেই তারা পিছিয়ে পড়ে। তাহলে আজ অ্যান্টিগায় শুরু টেস্ট সিরিজে ভারত না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ফেবারিট? সাম্প্রতিক পরিসংখ্যানকে পাশে সরিয়ে রাখলে তেমন চিন্তাভাবনা না করেই বলা যায় চার টেস্টের সিরিজে পরিষ্কার ফেবারিট ভারতই।

একটা সময় অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে হাবুডুবুই খেত ভারতীয়রা। ১৯৫৩ থেকে ২০০২ পর্যন্ত ক্যারিবিয়ানে আট সিরিজের সাতটিতেই হেরেছে ভারত। চিত্রটা অবশ্য পাল্টেছে এরপর।

ক্যারিবিয়ানে এখন চলছে টি-টোয়েন্টি উৎসব, মাঝপথে আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের তাতে অবশ্য বেশি কিছু আসে যায় না। চ্যাম্পিয়নদের ওই দলের মাত্র চারজনই যে আছেন টেস্ট সিরিজের এই দলে। টি-টোয়েন্টির দোর্দণ্ড প্রতাপশালীরা সাদা পোশাকের মতো বিবর্ণ টেস্ট ক্রিকেটে। তার ওপর গত কিছুদিনে টেস্টের নিয়মিত কয়েকটি মুখ হারিয়ে আরও বিবর্ণ হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ফাস্ট বোলার জেরোম টেলর টেস্টকে বিদায় বলে দিয়েছেন। আরেক ফাস্ট বোলার কেমার রোচকে বিবেচনাতেই রাখেননি নির্বাচকেরা। কার্লোস ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার ও মিগুয়েল কামিন্সের সমন্বয়ে গড়া পেস আক্রমণ সম্ভবত ক্যারিবীয় ইতিহাসের দুর্বলতম। ব্যাটিং লাইনআপেও বলার মতো নাম মাত্র দুজন—ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ধারাবাহিক স্যামুয়েলস আবার সর্বশেষ নয়টি টেস্ট ইনিংসে একবারও ২০ পেরোতে পারেননি।

একে তো খর্বশক্তির প্রতিপক্ষ, এর ওপর ক্যারিবিয়ানে গত দুটি সিরিজ জয়ের ইতিহাস। দুইয়ে মিলেই পরিষ্কার এগিয়ে অনিল কুম্বলের ভারত। অধিনায়ক বিরাট কোহলি, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে—ভারতের মূল ব্যাটসম্যানরা ছন্দেই আছেন। বোলিংয়েও পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারতীয়রা। একটা সময় যে ক্যারিবিয়ানে রাজত্ব ছিল ফাস্ট বোলারদের, সেই ক্যারিবিয়ানের পিচ এখন স্পিনবান্ধব। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট দেখে রবিচন্দ্রন অশ্বিনদের চোখ হয়তো চকচক করছে।

শেষ ওভারে টানা চার ছক্কা মেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রাফেটও মানছেন স্পিন সামলাতেই তাঁদের মনোযোগ দিতে হবে বেশি, ‘সিরিজে সম্ভবত আমাদের স্পিনের বিপক্ষেই বেশি খেলতে হবে। আমাদের বলের জন্য অপেক্ষা করতে হবে। ক্রিজে কাটাতে হবে লম্বা সময়।’

ব্রাফেটের চিন্তাটা যে অমূলক নয় সেটির প্রমাণ সেন্ট কিটসে দুটি প্রস্তুতি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচের একমাত্র ইনিংসে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র। পরে তিন দিনের ম্যাচে প্রেসিডেন্টস একাদশের ১৬ উইকেটের ১২টি নিয়েছেন ভারতের তিন স্পিনার অশ্বিন, মিশ্র ও জাদেজা। দুটি ম্যাচই অবশ্য ড্র হয়েছে। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।

টেস্ট সিরিজের সূচি

২১ জুলাই-২৫ জুলাই   ১ম টেস্ট    অ্যান্টিগা

৩০ জুলাই-৩ আগস্ট    ২য় টেস্ট    কিংস্টন

৯ আগস্ট-১৩ আগস্ট     ৩য় টেস্ট    সেন্ট লুসিয়া

১৮ আগস্ট-২২ আগস্ট    ৪র্থ টেস্ট    পোর্ট অব স্পেন