
তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। ত্রিদেশীয় এই টুর্নামেন্টের পরই যেতে হবে পরীক্ষাগারে। সেই প্রসপার উতসেয়া কাল গড়লেন দারুণ এক কীর্তি। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় এবং ইতিহাসের ৩০তম বোলার হিসেবে করলেন হ্যাটট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পেলেন। কিন্তু এমন কীর্তির পরও এই অফ স্পিনারের জায়গা হলো পরাজিত দলে! বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি জিম্বাবুয়ে। উল্টো ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে হেরেছে ৬১ রানে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের গতিপথ কী দুর্দান্তভাবেই না পাল্টে দিয়েছিলেন উতসেয়া! বিনা উইকেটে ১৪২ রান, দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় গড়তে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। উতসেয়ার স্পিন ভেল্কিতে সেই দক্ষিণ আফ্রিকাই অলআউট ২৩১ রানে! নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ফেরান হাশিম আমলাকে। পরের ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে ডি কক, রুশো ও মিলারকে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক। রুশো-মিলার দুজনেই ‘গোল্ডেন ডাক’। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটিয়ে জাতীয় দলে ঢোকা রুশো আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন রূপটা দেখে ফেললেন শুরুতেই। প্রথম দুই ম্যাচেই গোল্ডেন ডাক! একটু পর ডুমিনিকেও ফিরিয়ে দেন উতসেয়া। বিনা উইকেটে ১৪২ থেকে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৫৫! উতসেয়াকে দেখে উজ্জীবিত হয়েই কিনা, আরেক অফ স্পিনার নিয়ুম্বুও তুলে নেন ৩ উইকেট। শেষ দুটি উইকেট নিয়ে চাতারা দলকে দেন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে চতুর্থবার অলআউট করার স্বাদ।
শুরুতেই মায়োয়োকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা-মাসাকাদজা এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি। সম্ভাবনা জাগিয়েও শন উইলিয়ামস আউট হয়ে যান ৪৬ রান করে। ডেল স্টেইন ও রায়ান ম্যাকলারেন দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২৩১ (আমলা ৬৬, ডি কক ৭৬, ডু প্লেসি ১৫, রুশো ০, মিলার ০, ডুমিনি ২, ম্যাকলারেন ৬, স্টেইন ১০, অ্যাবট ৬, ফ্যাঙ্গাসিও ১৩, তাহির ২৩*, নিয়ুম্বু ৩/৪২, চাতারা ২/২৮, ভিটরি ০/৫০, চিগুম্বুরা ০/১৯, উইলিয়ামস ০/৩৭, উতসেয়া ৫/৩৬, রাজা ০/৯, ওয়ালার ০/৮)। জিম্বাবুয়ে: ৩৮.৩ ওভারে ১৭০ (মায়োয়ো ০, রাজা ৩৫, মাসাকাদজা ২৫, টেলর ০, উইলিয়ামস ৪৬, ওয়ালার ২০, চিগুম্বুরা ২২, উতসেয়া ৫, নিয়ুম্বু ০, চাতারা ৬*, ভিটরি ৩; স্টেইন ৩/৩৬, অ্যাবট ০/৩৬, ফ্যাঙ্গাসিও ২/৩৩, ম্যাকলারেন ৩/২৪, তাহির ১/৩২, ডুমিনি ০/৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: প্রসপার উতসেয়া।
ওয়ানডে হ্যাটট্রিক
এডো ব্র্যান্ডেসের পর জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন প্রসপার উতসেয়া।
কাল পর্যন্ত ওয়ানডে হ্যাটট্রিকের সংখ্যা ৩৫। হ্যাটট্রিক পাওয়া বোলারের সংখ্যা ৩০।
লাসিথ মালিঙ্গা (৩টি), ওয়াসিম আকরাম (২), সাকলায়েন মুশতাক (২) ও চামিন্ডা ভাস (২) করেছেন একাধিক হ্যাটট্রিক।
২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে উইকেট নিয়েছেন মালিঙ্গা।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক ও রুবেল হোসেন।
সবচেয়ে বেশি আটটি হ্যাটট্রিক পাকিস্তানি বোলারদের।