সেই একই ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার ফিরলেন সিডলের বলে। ছবি: এএফপি।
ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার ফিরলেন সিডলের বলে। ছবি: এএফপি।

নিজেদের স্কোরকার্ডটা দেখলে ডেভিড ওয়ার্নারের বেশ আফসোসই হবে। কেন যেন টেলরের বলে ওই শটটা খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ওপেনার! একটু ধরে খেললেই তো পেয়ে যেতেন একটা সেঞ্চুরি! তিনি বাদে অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যানই মেলবোর্নে ব্যাট হাতে নেমেছেন, তিনিই যে সেঞ্চুরি করেছেন—জো বার্নস, উসমান খাজার পর, প্রথম দিন শেষে অপরাজিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেসও। ওয়ার্নারের আফসোস করার যথেষ্ট কারণই এখানে আছে।

প্রথম দিনটা অস্ট্রেলিয়া যেখানে শেষ করেছিল আজ দ্বিতীয় দিনের শুরুটাও যেন ঠিক একই জায়গা থেকে। প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রানের স্কোরটাকে অস্ট্রেলিয়া নিয়ে গেছে ৫৫১ রানে। স্মিথের ব্যাট থেকে এসেছে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ভোজেসও কম যান না, করেছেন ১০৬। স্মিথের ইনিংসটি সাজান ১৭৭ বলে, ৮ চারের সাহায্যে। ভোজেস তাঁর ১০৬ রানের ইনিংস মেরেছেন ১২ বাউন্ডারিতে।

ক্যারিবীয় বোলারদের জন্য আজ ছিল বন্ধ্যা এক দিন। প্রথম দিনে ২ উইকেট নেওয়া জেরম টেলর আর এক উইকেট নেওয়া ক্রেইগ বাফেটের বাইরে আর কেউই উইকেটের কলামে নিজেদের নাম তুলতে পারেননি।

৫৫১ রানের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে যারপরনাই বিপদে ক্যারিবীয়রা। স্কোরবোর্ডে ৯১ রান উঠতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। হাতে আর ৪ উইকেট রেখে ৪৬০ রানের ঘাটতি তারা কীভাবে পূরণ করবে সেটা ভেবেই হয়তো শিউরে উঠছেন ওয়েস্ট ইন্ডিজ সমর্থকেরা।

প্রথম থেকেই যাওয়া-আসার মধ্যে আছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ড্যারেন ব্রাভো। তিনি ৭৫ বলে ১৩ রান করে অপরাজিত এখনো। আউট হয়ে ফিরেছেন ক্রেইগ ব্রাফেট (১৭), রাজেন্দ্র চন্দ্রিকা (২৫), মারলন স্যামুয়েলস (০), জারমেই ব্ল্যাকউড (২৮), দিনেশ রামদিন (০) আর অধিনায়ক জেসন হোল্ডার (০)। তিন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। পিটারে সিডল পরপর দুই বলে রামদিন আর হোল্ডারকে ফিরিয়ে দিয়ে ক্যারিবীয়দের বিপর্যয়ের মাত্রাটা আরও বাড়িয়েছেন।

সিডলের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন ও নাথান লায়ন। সূত্র: এএফপি।